রাতের অন্ধকারে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ছ’জনের। গুরুতর আহত হয়েছে ১৬ বছরের এক কিশোর। রবিবার রাত প্রায় ১১টা নাগাদ উত্তরপ্রদেশের কুশিনগর জেলার হাটা-পিপরাইচ সড়কে দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে, কলকাতাতেও সাম্প্রতিক সময়ে একাধিক পথ দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে।
পুলিশ সূত্রে খবর, ভ্যানের যাত্রীরা একটি তিলক অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। ধাক্কার অভিঘাতে ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এই দুর্ঘটনায় মৃত ছ’জনের পরিচয়ও জানিয়েছে পুলিশ। তাঁরা হলেন কানহাইয়া প্রসাদ (৪০), রামবিলাস (৬৫), রাম মিলন (৩৫), মৃদুল মিশ্র (৩৫), রঞ্জয় গুপ্ত (৩২) এবং মিথিলেশ গুপ্ত (২২)। প্রত্যেকেই কুশিনগর জেলার বাসিন্দা। আহত ১৬ বছরের আরিয়ান বর্তমানে কুশিনগর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এদিকে, কলকাতার মা ফ্লাইওভারেও শনিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তপসিয়ার কাছে একটি থার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বিপরীত লেনে ঢুকে পড়ে। উলটো দিক থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনজন। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে অভিযোগ, পার্ক স্ট্রিটের একটি হোটেলে পার্টি করে ফেরার সময় থার গাড়ির চালক ও আরোহীরা নেশাগ্রস্ত ছিলেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এর আগের দিনই নিউটাউনের আকাঙ্ক্ষা এলাকা থেকে চিনার পার্কের দিকে যাওয়ার পথে এক বাইক আরোহীর মৃত্যু হয়। দ্রুতগতির একটি চারচাকা গাড়ি বাইকটিকে ধাক্কা মারে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
উত্তরপ্রদেশ থেকে কলকাতা—পরপর পথ দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনায় ফের সামনে এল সড়ক নিরাপত্তার প্রশ্ন।







