রাজনীতি

ফের শিবির বদল? ঋতব্রতকে ঘিরে জল্পনার মাঝেই নির্বাচন কমিশনকে চিঠি শামিমের, স্পষ্ট করলেন নিজের অবস্থান

তৃণমূলের অন্দরে শিবির বদলের জল্পনা যেন কিছুতেই থামছে না। এবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ। তিনি জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। এমনকী, তাঁর নামে অন্য কোনও পক্ষ থেকে হলফনামা জমা পড়লে তা যেন গ্রহণ না করা হয়, সেই আর্জিও জানিয়েছেন কমিশনকে।

রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে রয়েছেন এই বিধায়ক। কারণ, বিধানসভা নির্বাচনের পর শামিম আহমেদের নাম জড়িয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সঙ্গে। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকে সমর্থন জানিয়ে যে বিধায়কেরা সই করেছিলেন, তাঁদের তালিকায় নাম ছিল শামিমেরও। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর অবস্থান নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়।

বৃহস্পতিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় শামিম আহমেদকে। এরপরই নির্বাচন কমিশনকে ইমেল পাঠিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। চিঠিতে তাঁর বক্তব্য, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হলফনামা জমা দিয়েছেন। তাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের তরফে তাঁর নামে কোনও হলফনামা জমা পড়লে সেটি যেন বিবেচনা না করা হয়।

শামিমের এই পদক্ষেপে তৃণমূলের দুই শিবিরের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগেও ঋতব্রত শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফেরার নজির তৈরি হয়েছে। আমডাঙার বিধায়ক কাসেম সিদ্দিকি গত অগাস্টে নিজের অবস্থান বদলের কথা প্রকাশ্যে জানান। তাঁর পাশে সাংবাদিক বৈঠকে ছিলেন কুণাল ঘোষ। সেই সময় সংখ্যাগরিষ্ঠ বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন বলেও দাবি করেছিলেন কুণাল।

এ ছাড়াও বসিরহাট উত্তরের বিধায়ক তৌসিফুর রহমান এবং বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের মমতা শিবিরে ফেরার ঘটনা নিয়েও রাজনৈতিক মহলে চর্চা হয়েছে।

সব মিলিয়ে শামিম আহমেদের নির্বাচন কমিশনকে লেখা চিঠি তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করল। এখন দেখার, তাঁর এই অবস্থান বদলের পর দুই শিবিরের রাজনৈতিক সমীকরণ কোন দিকে এগোয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.