বিদেশ

হাসিনার দেশে ফেরা নিয়ে আসল চাল কার? প্রত্যর্পণ চুক্তির শর্তে কি নতুন কৌশল তারেক সরকারের!

শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। একদিকে দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদন, অন্যদিকে বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্তে অনড় বাংলাদেশের বর্তমান সরকার। দুইয়ের মাঝে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক সমীকরণ। প্রশ্ন উঠছে, আইনি প্রক্রিয়ার কথা বলে কি আদতে হাসিনার প্রত্যাবর্তন পিছিয়ে দিতে চাইছে ঢাকা? আর এই পরিস্থিতিতে কী অবস্থান ভারতের?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্য ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির প্রসঙ্গে তিনি পরোক্ষভাবে ভারতকে নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে। তাঁর অভিযোগ, সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া ব্যক্তিরা সেখানকার প্রভুদের খুশি করতেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অশান্তি ছড়াচ্ছেন।

তারেকের এই মন্তব্য নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। শুধু জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখাই ভারতের লক্ষ্য। দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।

এরই মধ্যে শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন খারিজ করেছে বাংলাদেশ। ঢাকার বক্তব্য, দেশে ফিরতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে তাঁকে। অর্থাৎ, সরাসরি দেশে ফেরার পথের পরিবর্তে আইনি প্রত্যর্পণ প্রক্রিয়ার উপরেই জোর দিচ্ছে বাংলাদেশের সরকার।

কিন্তু এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। বিদেশ মন্ত্রক সূত্রের দাবি, কোনও ব্যক্তি স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চাইলে তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রত্যর্পণ প্রক্রিয়া মূলত অন্য দেশে থাকা কোনও ব্যক্তিকে আইনি ব্যবস্থার মাধ্যমে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রযোজ্য।

তাহলে কি হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আইনি শর্তের আড়ালে অন্য কোনও রাজনৈতিক হিসেব কাজ করছে? বর্তমান পরিস্থিতিতে তাঁর দেশে ফেরা কি তারেক রহমানের সরকারের কাছে অস্বস্তির কারণ হতে পারে? যদিও বাংলাদেশের সরকার এমন কোনও উদ্দেশ্যের কথা জানায়নি। ফলে হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দিল্লি ও ঢাকার পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.