দিল্লিতে পাড়ার বিবাদকে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনা। তিনতলা বাড়ি থেকে ছোড়া গ্যাস সিলিন্ডারের আঘাতে মৃত্যু হল ২৮ বছর বয়সি এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির বিন্দাপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাড়ার মধ্যে বিবাদ চলাকালীন আচমকাই একটি গ্যাস সিলিন্ডার তিনতলা থেকে নীচে ছুড়ে ফেলা হয় বলে অভিযোগ। সেই সিলিন্ডার সরাসরি এসে আঘাত করে সাহিল নামে ওই যুবকের মাথায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁর বন্ধুরা। দ্রুত তাঁকে ভর্তি করা হয় দীনদয়াল উপাধ্যায় (ডিডিইউ) হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়েই তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। কী কারণে এই বিবাদ এবং কীভাবে সিলিন্ডারটি ছোড়া হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সামান্য প্রতিবেশী বিবাদ কীভাবে এমন প্রাণঘাতী পরিণতি ডেকে আনতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন।







