জি-২০ প্রস্তুতির বিষয়ে নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে থাকতে দিল্লি রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এসএসকেএম-এ ভাঙচুরের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘সকালেই বিষয়টি সামলে দিয়েছি। তখন মাত্র দু’জন জুনিয়র ডাক্তার ছিল। ৪-৫ দিন আগে দুর্ঘটনা ঘটেছিল। কোনও যুবক মারা গেলে দুঃখ পাওয়া স্বাভাবিক। তবে এটা করা উচিত হয়নি।’
উল্লেখ্য, রবিবার মধ্যরাতে মহম্মদ ইরফান নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম-এ আনা হয়। ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হলে হুগলির চুঁচুড়ার বাসিন্দাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরবর্তীতে মৃত্যুর শংসাপত্র নিয়ে হাসপাতালে অসন্তোষ সৃষ্টির অভিযোগ ওঠে ইরফানের পরিজনদের বিরুদ্ধে। অভিযোগ, চারজন চিকিৎসককে মারধর করা হয়। ভাঙচুর চলে সেন্টারে।
আগামী ৭ তারিখ শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার পূর্বে সোমবার চার দিনের দিল্লি সফরে সামিল মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফর রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনি প্রশাসনিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।







