নিজস্ব সংবাদদাতা: ২০০৪ সালে শেষবার ডুরান্ড কাপের ফাইনালে ডার্বি হয়েছিল। তারপর থেকে আর কোনও টুর্নামেন্টে ফাইনালে ডার্বি হয়নি। তবে ১৯ বছর পর আবার এল সেই মাহেন্দ্রক্ষণ। রবিবার ডুরান্ড কাপের ফাইনালে হতে চলেছে কলকাতা ডার্বি, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মোহনবাগান সুপার জায়ান্টস। সেখানে নর্থইস্ট এর কাছে ০-২ এ পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করে ফাইনালে ওঠে ইস্টবেঙ্গল। তাই ১৯ বছর পর আবার ডুরান্ড ফাইনালে ডার্বি।
বাংলার দুই প্রধান মুখোমুখি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।
ফাইনালের টিকিটের চাহিদা তুঙ্গে। ১ ও ২ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং ৩ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিক্রি হবে ফাইনালের টিকিট। এমন কি দুই ক্লাবে টিকিট দেওয়ার সময় ও এক।
১৩২তম ডুরান্ড কাপে সব ম্যাচের মতো ফাইনালেও অনলাইন টিকিট থাকছে না। টিকিটের দামও থাকছে অপরিবর্তিতই। তাই শুক্রবার সকাল থেকেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই ক্লাবের বাইরেই লম্বা লাইন।
মোহনবাগানকে ফাইনালে তুলে সাদিকু বলেন, ‘সমর্থকরা ডার্বি জিততে চায়। কোচ যাই বলুক না কেন, আমার কাছে রবিবারের ডার্বি বদলার।
অন্যদিকে ৮টি ডার্বিতে হারের পরে প্রায় সাড়ে ৪ বছর পরে ডুরান্ড কাপেরই গত ডার্বিতে নন্দকুমারের গোলে ১-০ ব্যবধানে জেতে ইস্টবেঙ্গল। সেই জয়ের ধরা বজায় রেখে বহুদিন পর ইস্টবেঙ্গল কে ট্রফি দিতে বধ্যপরিকর কোচ থেকে খেলোয়াড় সবাই। রবিবারের মেগা ডার্বিকে কেন্দ্র করে আবারও দুভাগে ভাগ হয়ে যাবে বঙ্গ।







