অনুগামীদের মুখে একটাই রব ‘ যেতে নাহি দেবো ‘। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মঙ্গলবার সকাল থেকে এমনটাই দৃশ্য নজরে আসছে। মূলত প্রিন্সিপালের বদলি ঘিরেই শুরু হয়েছে বিক্ষোভ।
নবান্নের নির্দেশেই সোমবার স্বাস্থ্য ভবন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বদলির বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে বারাসাত মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে অর্থোপেডিক বা অস্থি বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োগ করা হয়। আর তা নিয়েই হট্টগোল কলেজ চত্বরে।
উল্লেখ্য, এর আগেও সন্দীপ ঘোষের বদলির নির্দেশিকা জারি করা হয়েছিল। তখনও হইচই পড়ে গেছিলো আর জি করে। এখন এটাই দেখার যে সন্দীপ ঘোষ কি এবার বদলি হবেন, নাকি আর জি করেই কর্মরত থাকবেন।







