দেবতাদের মধ্যে সব থেকে ভিন্ন তিনি। এমন এক দেবতা যার দেহ খর্বাকৃতি, স্থূলকায় এবং মস্তক হলো হাতির মতো। দুটো দাঁত রয়েছে হাতির মত। কিন্তু একটি দাঁত আবার ভাঙ্গা। যা নিয়ে রয়েছে একাধিক প্রচলিত কাহিনী। তবে শাস্ত্র মতে গণেশের দেহাকৃতির যে বর্ণনা মেলে তা এমনই। গণেশের এই রূপ অনুযায়ী পুজো না হলে , তা শাস্ত্রবিরুদ্ধ। কিন্তু দেশে এমন এক মন্দির রয়েছে যেখানে গণেশ ঠাকুর মানুষ রূপে পূজিত হয়।
তামিলনাড়ুর এক মন্দিরে অদ্ভুত এক গণেশ মূর্তি দেখা যায়। ওটা যে গণেশ ঠাকুর, সেটা কেউ না বলে দিলে বোঝা যাবে না। অনেকে হয়তো বললেও বিশ্বাস করবে না। রীতিমতো শাস্ত্র মেনেই তামিলনাড়ুর এই মন্দিরে ‘আদি বিনায়ক’ পূজিত হন। গণেশ যখন প্রথম তৈরি হয়েছিল তখন তাকে দেবতাদের মতোই দেখতে ছিল। কিন্তু পরে তার মুন্ডচ্ছেদ হলে হাতির মস্তক দিয়ে পুনরায় প্রাণপ্রতিষ্ঠা করা হয়। তারপর থেকেই সেই ভাবে পূজিত হয় গণেশ। কিন্তু তামিলনাড়ুর থিলাথারাপানাপুরি অঞ্চলে মুক্তেশ্বর মন্দিরে বিনায়কের সেই আদি মূর্তিতে নিত্য পুজো হয়।
এই মন্দিরের সাথে বেশ কিছু লোককথা জুড়ে রয়েছে। অনেকে বিশ্বাস করে এই মন্দিরে পুজো দিলে পিতৃপুরুষের আত্মার শান্তি মেলে। পিতা দশরথের মৃত্যুর পর রামচন্দ্র এখানে পুজো দিয়েই পিন্ডদান সেরেছিলেন। সেই থেকেই বিনায়ক মন্দির সম্পর্কে এই ধারণা জন্ম নিয়েছে। মন্দিরের বিগ্রহটিও বেশ প্রাচীন। প্রায় ৫ফুট লম্বা। কালো পাথর দিয়ে মূর্তিটি তৈরি করা হয়েছে । বিগ্রহের দুটি হাত। চোখ বন্ধ।মূর্তির নীচে বাহন মূষিকেরও দেখা মেলে। এই বিগ্রহে খানিকটা যোগী রূপ প্রকাশ পায়। কিন্তু সাধারণ গণেশ পূজার উপকরণ দিয়ে এই বিগ্রহের পুজো করা হয়। এছাড়া দক্ষিণের বেশিরভাগ মন্দিরেই একাধিক বিগ্রহ চোখে পড়ে। এখানে বেশ কিছু শিবলিঙ্গ, গায়ত্রী সহ একাধিক দেবদেবীর মূর্তি রয়েছে। গোটা দেশে এই একটা মন্দিরেই গণেশের এই বিশেষ রূপ দেখা যায়।







