মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদির পর এবার বাংলায় গান লিখলেন স্বয়ং রাজ্যপাল সি ভি আনন্দ বোস।কলাক্রান্তি উপলক্ষে বেশ কয়েকটি বাংলা গান লিখেছিলেন রাজ্যপাল আর এই অনুষ্ঠানের উদ্বোধনে রাজ্যপালের লেখা প্রথম গান গাইলেন শিল্পী শান্তনু রায়চৌধুরী।দ্বিতীয় গানটিতে কন্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।
মঞ্চের উপরে বসে রাজ্যপাল সিভি আনন্দ বোস শিল্পী শান্তনু রায়চৌধুরীর কণ্ঠে সেই গান মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন। এরপর মিশন কলাক্রান্তি অনুষ্ঠানের সূচনায় বাংলাতেই বক্তব্য রেখে রাজ্যপাল বলেন, “বাংলার ভাই ও বোনেরা আমি কলাক্রান্তির সূচনা করছি।”
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান লেখেন, কবিতা লেখেন, আঁকেনও।বেশ কয়েক বছর ধরেই পুজোর মরসুমে মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম প্রকাশ হচ্ছে।এবছর কলকাতার অন্যতম বড় দুর্গাপুজোর সুরুচি সংঘের থিম সং লিখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।এবার সেই পথই অবলম্বন করলেন বাংলার সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস।
রাজ্য সরকারের মতোই দুর্গাপুজোর মরসুমে রাজভবন থেকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দুর্গাভারত সম্মানের কথা ঘোষণা করা হয়েছিল। সেই মতোই পণ্ডিত অজয় চক্রবর্তী এবং গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের হাতে দুর্গাভারত সম্মান তুলে দেওয়া হয়।এছাড়াও ইসরো এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও দুর্গাভারত সম্মান পেয়েছে।







