সরস্বতী কে আমরা ব্রহ্মার মানসকন্যা বলে থাকি। সরস্বতী ঠাকুর আমাদের বিদ্যার ঠাকুর তার এক হাতে বীণা অন্য হাতে পুস্তক এভাবেই দেবী পুজিত হন। কচিকাঁচা থেকে বুড়ো সবাই মা’র আরাধনায় মগ্ন থাকেন। দেবীভাগবত পুরাণ থেকে আমরা জানতে পারি,দেবী সরস্বতীর জন্ম হয়েছিলো পরম কুস্মন্দেরে প্ৰথম অংশে। বিষ্ণুর জিহ্বাগ্র থেকে উৎপত্তি হয়। বাক্য, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পুজিত হন সরস্বতী।
সর্বপ্রথম ব্রহ্মা দেবী সরস্বতীর পুজো করেছিলেন। পরে জগতে তার পুজার প্রচার হয়। দেবী সরস্বতী শুক্লবর্ণা, পীতবস্ত্র ধারিণী এবং তার দুই হাতে রয়েছে বীণা ও পুস্তক। পৌরাণিক কাহিনী থেকে আমরা জানতে পারি ভগবান নারায়ণের থেকে সৃষ্টি হয়েছিলেন তিনি। পরে নারায়ণকে তিনি স্বামী ভাবতে শুরু করেন। গঙ্গা তাকে অভিশাপ দিলে তিনি আবার শিবের চতুর্থ মুখ থেকে সৃষ্টি হন এবং ব্রম্মা কে স্বামী রুপে পান। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো প্রবর্তিত করেন শ্রী কৃষ্ণ।
দেবী সরস্বতী দেবী শুক্লবর্ণা হওয়ার কারণ শুক্লবর্ণ অর্থাত্ সাদাকে ভাল গুণের, স্বচ্ছতা এবং নির্মলতার প্রতীক হিসেবে মানা হয়। জ্ঞানময়ী সর্বশুক্লাদেবী শ্রী শ্রী সরস্বতী জ্ঞানে পরিপূর্ণ এবং তাঁর গায়ের রঙ শুক্লবর্ণ তার মানে তিনি দোষহীনা অর্থাত্ তার কোনরকম দোষ নেই।
দেবী সরস্বতী হলেন পবিত্রতার প্রতীক মূর্তি। তিনি আবার জ্ঞানদান করেন বলে তিনি ‘জ্ঞানদায়িনী’ও। দেবী সরস্বতীর বাহন হলো রাজহংস। বলা হয় হাঁস নাকি অসার কে ফেলে সারকেই গ্রহণ করে থাকে। কাদার মধ্যে থাকা খাবারকে একমাত্র রাজহাঁস কাদা ছাড়া খাবার খুজে বার করতে পারে। আবার দুধ ও জলকে একসাথে মিশিয়ে দিলে জল ফেলে শুধু দুধটুকু আলাদা করে নিতে পারে হাঁস। দেবী সরস্বতীর সঙ্গে তার বাহনকেও পূজা করা হয়। অসার, অকল্যাণকর সবকিছু ত্যাগ পরমাত্মাকে গ্রহণ করে এবং পারমার্থিক জ্ঞান অর্জন করার শিক্ষা দেয় হাঁস। দেবী সরস্বতী তাই হংসবাহনা।







