ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা আসন্ন অস্ট্রেলিয়া সফরে দলের সাথে যাচ্ছেন না বলে জানা গেছে। রেভস্পোর্টজের রিপোর্ট অনুযায়ী, ব্যক্তিগত কারণেই তিনি দলের সাথে প্রথমে অস্ট্রেলিয়া যাবেন না। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ২২ নভেম্বর পার্থে শুরু হবে, আর দলটি দুই ভাগে রবিবার ও সোমবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে।
ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর সোমবার মুম্বাইয়ে একটি সংবাদ সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত জানাবেন। যদিও রোহিতের প্রথম টেস্টে খেলতে না পারার সম্ভাবনা রয়েছে, তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্বভার উপ-অধিনায়ক যশপ্রীত বুমরাহর ওপর বর্তাতে পারে।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিং মনে করছেন, রোহিতের অনুপস্থিতিতে বুমরাহ ভারতের পেস আক্রমণ ও অধিনায়কত্ব দুটোই সামলাতে সক্ষম। তবে, পন্টিং এই দায়িত্বকে বুমরাহর জন্য “সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ” বলে উল্লেখ করেছেন। পন্টিং বলেন, “প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হওয়ার সময় এই প্রশ্ন উঠেছিল যে, নিজেকে কতটা বল করাবে বা কতটা বিশ্রাম দেবে।”
তিনি আরও বলেন, “ভারতীয় দলে বুমরাহর চারপাশে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। তাই অধিনায়ক হলেও তাঁদের পরামর্শ নেয়া খুব গুরুত্বপূর্ণ।”






