খেলাধুলা

সৌরভ গাঙ্গুলীর টোটকাতেই কেকেআরকে হারিয়ে প্রথম ম্যাচ জিতে নিল দিল্লি! আর এই দিয়ে তিনটি পরপর ম্যাচ হারলো কলকাতা!

 

 

দিল্লির মাঠে ব্যাটিং বিপর্যয় ফের ডোবাল কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। নাইটদের হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয় পেল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।

 

গতকালের ম্যাচে মুকেশ কুমারের পেসের পর অক্ষর প্যাটেলের স্পিন-কোনওটাই নীতীশ রানার দল সামলাতে পারল না। ব্যাটিং ব্যর্থতার পরে বোলাররা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে লো স্কোরিং ম্যাচে দিল্লির মুখেই শেষ হাসি ফুটল। আর হেরে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে নামল কেকেআর।

 

তবে ম্যাচ খেলতে নামার আগে বিপাকে পড়েছিলেন দিল্লির ক্রিকেটাররা। তাঁদের একাধিক সরঞ্জাম চুরি গিয়েছিল। এছাড়াও টানা পাঁচ ম্যাচ হারের হতাশা তো ছিলই।

 

কিন্তু নাইট ম্যাচের দিন কয়েক আগে খেলোয়াড়দের বিশেষ পেপ টক দিয়েছিলেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাতেই যেন ম্যাজিকের মতো ফল হল। টুর্নামেন্টে প্রথম ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস।

 

গতকালের ম্যাচ বৃষ্টির কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয়। দর্শকাসনে ছিলেন অ্যাপেল সিইও টিম কুক, বলিউড অভিনেত্রী সোনম কাপুরের মতো একঝাঁক তারকা।

 

এদিনই বেগুনি জার্সিতে আইপিএল অভিষেক হয় ওপার বাংলার লিটন দাসের। ৪ বলে মাত্র ৪ রান করেই তিনি আউট হয়ে যান। সেখানেই শুরু। দিল্লি বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ করেন নাইট ব্যাটাররা। অধিনায়ক রানা থেকে শুরু করে চমকে দেওয়া রিঙ্কু-ব্যাট হাতে এদিন সকলেই ব্যর্থ।

 

কিন্তু ওপেন করতে নেমে ৪৩ রানের কার্যকরী ইনিংস খেলেন জেসন রয়। শেষবেলায় আন্দ্রে রাসেল ফের পুরনো ফর্মে ধরা দেন। ২০ তম ওভারে পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে ৩৮ রানে অপরাজিত থাকেন।

 

তাঁর ঝোড়ো ইনিংসে ভর করেই কেকেআর কুড়ি ওভারে ১২৭ রান তোলে। দু’টি করে উইকেট তুলে নেন প্রাক্তন নাইট ইশান্ত শর্মা ও কুলদীপ যাদব। জোড়া শিকার মুকেশ কুমার ও অক্ষর প্যাটেলেরও।

 

১২৮ রানের পুঁজিতেই পালটা লড়াই করেছিলেন বোলাররা। পাওয়ার প্লে থেকেই ঝোড়ো ব্যাটিং করেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

 

কিন্তু পরপর উইকেট তুলে নিয়ে দিল্লিকে চাপের মুখে ফেলেন নাইট স্পিনাররা। শেষ ওভার পর্যন্ত গড়ায় হাড্ডাহাড্ডি ম্যাচ। অক্ষরের হাত ধরে দিল্লি ম্যাচ জেতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.