মেলবোর্নের ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্টে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার তরুণ প্রতিভা স্যাম কনস্টাস টেস্ট অভিষেক করতে চলেছেন। মাত্র ১৯ বছর ৮৫ দিন বয়সে মাঠে নামতে চলা কনস্টাস অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠ টেস্ট খেলোয়াড় হবেন। তবে, তার সতীর্থ ট্রাভিস হেডের খেলা এখনও অনিশ্চিত।
অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন যে কনস্টাসকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ক্রিসমাসের দিন অস্ট্রেলিয়ার চূড়ান্ত একাদশ ঘোষণা করা হবে। অন্যদিকে, হেড একটি মৃদু কোয়াড ইনজুরিতে ভুগছেন। মঙ্গলবার তিনি নেটে ব্যাটিং করেছেন এবং ফিল্ডিং অনুশীলনেও অংশ নেন। কোচ আশাবাদী, তিনি খেলতে পারবেন।
হেডের ইনজুরি নিয়ে ম্যাকডোনাল্ড জানান, “তার কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। তবে, আমি আত্মবিশ্বাসী যে তিনি ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন। তার স্কিল ভালো অবস্থায় রয়েছে এবং তিনি খেলতে পারবেন বলে আশা করছি।”
অন্যদিকে, কনস্টাসের অভিষেক নিয়ে উচ্ছ্বসিত কোচ বলেন, “তার খেলায় আত্মবিশ্বাস, প্রতিপক্ষকে চাপে রাখার ক্ষমতা এবং শটের বৈচিত্র্য রয়েছে। তার অভিষেকের জন্য আমরা রোমাঞ্চিত।”
দলে অন্তত দুটি পরিবর্তন নিশ্চিত। কনস্টাস দলে এসেছেন নাথান ম্যাক্সুইনির পরিবর্তে, এবং স্কট বোল্যান্ড খেলবেন ইনজুরিতে পড়া জশ হ্যাজেলউডের জায়গায়।
এছাড়া, অলরাউন্ডার মিচেল মার্শ পুরোপুরি ফিট এবং বল করার জন্য প্রস্তুত। তবে, নতুন মুখ হিসেবে বিউ ওয়েবস্টার বা জশ ইংলিসের খেলার সম্ভাবনা কম।
কনস্টাসের অভিষেক ও হেডের ইনজুরির মাঝেও অস্ট্রেলিয়া আত্মবিশ্বাসী মেলবোর্ন টেস্টে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার।







