ভারতের ব্যাটিং দুর্বলতা কাটাতে নতুন দিশা দেখাতে সিতাংশু কোটাককে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজ দিয়ে জাতীয় দলের সঙ্গে যাত্রা শুরু করবেন।
সৌরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার সিতাংশু কোটাক ২০ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ার শেষে ২০১৩ সালে অবসর নেন। ২০১৯ সাল থেকে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। পাশাপাশি, তিনি বেশ কয়েকটি ভারত ‘এ’ সফরে প্রধান কোচ এবং ভিভিএস লক্ষ্মণের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে কোচিং স্টাফ আরও শক্তিশালী হলো। গম্ভীরের নিয়োগের পরই দলের বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মর্নে মর্কেল এবং সহকারী কোচ হিসেবে অভিষেক নায়ার ও রায়ান টেন ডেসকাট যোগ দেন। এছাড়া, ফিল্ডিং কোচ হিসেবে টি দিলিপকে বহাল রাখা হয়েছে।
বিসিসিআই-এর সাম্প্রতিক পর্যালোচনা সভায় ভারতের সাম্প্রতিক ব্যর্থতা, বিশেষত ব্যাটিং ফর্মের অবনতি নিয়ে গুরুতর আলোচনা হয়। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর সিরিজ হারের পর ভারতের টেস্ট দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা থেকে বঞ্চিত হয়।
কোটাকের নিয়োগ নতুন ব্যাটিং কৌশল ও মানসিকতা আনার আশার আলো জাগায়। তার অভিজ্ঞতা ভারতের ব্যাটিং বিভাগকে নতুন ধার দিতে পারে, যা ইংল্যান্ড সিরিজে দলের আত্মবিশ্বাস পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।






