শিরোপার লড়াইয়ে নামার আগেই বড় ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। গত আসরের চ্যাম্পিয়নরা ডব্লিউপিলের শুরু করতে যাচ্ছে একাধিক তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি ও ইনজুরির সমস্যায় জর্জরিত অবস্থায়। অধিনায়ক স্মৃতি মন্ধানা দুর্দান্ত ফর্মই এখন তাদের সবচেয়ে বড় ভরসা।
সফি ডিভাইন বিরতিতে, সোফি মলিনিউ ইনজুরিতে ছিটকে গেছেন, কেট ক্রসও চোট সারিয়ে ফেরার জন্য আসর থেকে সরে দাঁড়িয়েছেন। সবচেয়ে বড় ধাক্কা এলিস পেরির চোট। অ্যাশেজে হিপ ইনজুরি পাওয়ায় তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্পিনার আশা সোবহানা ও শ্রেয়াঙ্কা পাটিলও দীর্ঘদিন মাঠের বাইরে। অথচ এই চারজনই আরসিবির শিরোপাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
আরসিবি অবশ্য বিকল্প হিসেবে ইংল্যান্ডের অলরাউন্ডার চার্লি ডিন, হিদার গ্রাহাম ও কিম গার্থকে দলে নিয়েছে। পাশাপাশি নিলামে উঠতি তারকা প্রেমা রাওয়াত, ভি.জে. জোশিথা, রাঘভি বিস্ত ও জাগরভি পাওয়ারকে অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে জোশিথা যুব বিশ্বকাপজয়ী দলের অন্যতম পারফরমার, আর বিস্ত সম্প্রতি ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন।
এই কঠিন পরিস্থিতিতে আরসিবির আশা জাগাচ্ছেন অধিনায়ক স্মৃতি মন্ধানা। ২০২৪ সালে দুর্দান্ত সময় কাটানোর পর ২০২৫ সালও শুরু করেছেন বিধ্বংসী ফর্মে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতে তার রান ৪১, ৭৩ ও অপরাজিত ১৩৫। ব্যাটিংয়ে তার ধারাবাহিকতা আরসিবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
আগামী ১৪ ফেব্রুয়ারি গুজরাট জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আরসিবি। ১৭ ফেব্রুয়ারিতে ফাইনালের পুনরাবৃত্তিতে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। মন্ধানা নেতৃত্বে ইনজুরি আক্রান্ত দলটি কি পারবে শিরোপা ধরে রাখতে? উত্তর দেবে মাঠের পারফরম্যান্স।







