আইএসএলে এফসি গোয়া আরও একবার নিজেদের শক্তির প্রমাণ দিল। মুম্বাই সিটি এফসির ঘরের মাঠেই ৩-১ ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিল মানোলো মার্কুয়েজের দল। গুয়ারোচেনার প্রথমার্ধের জোড়া গোল এবং ব্র্যান্ডন হেরেরার দ্বিতীয়ার্ধের দুরন্ত শট মুম্বাইয়ের সব আশা শেষ করে দিল।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল মুম্বাই সিটির দখলে, কিন্তু আক্রমণে ধার ছিল না। বিপরীতে গোয়া আক্রমণের সুযোগ কাজে লাগাতে দেরি করেনি। ২৪ মিনিটেই উদান্ত সিংয়ের অ্যাসিস্ট থেকে গুয়ারোচেনা গোল করে এগিয়ে দেন দলকে। ৪১ মিনিটে আরও একবার মুম্বাই রক্ষণের ভুল কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। প্রথমার্ধ শেষ হয় গোয়ার ২-০ লিডে।
দ্বিতীয়ার্ধে মুম্বাই আক্রমণে ঝাঁপায়, কিন্তু গোলের দেখা পায়নি। বরং ৬৪ মিনিটে ব্র্যান্ডন হেরেরা দূরপাল্লার দুর্দান্ত শটে ৩-০ করেন। শেষ মুহূর্তে লালিয়ানজুয়ালা ছাংতে পেনাল্টি থেকে একটি সান্ত্বনামূলক গোল করলেও তা যথেষ্ট ছিল না।
পাসের পরিসংখ্যানে (৫৯৯ বনাম ৩৭৬) মুম্বাই এগিয়ে থাকলেও কার্যকারিতায় পিছিয়ে পড়ে। গোয়ার রক্ষণ ছিল দুর্ভেদ্য, বিশেষ করে গোলকিপার হর্ষিত তিওয়ারি দুর্দান্ত কিছু সেভ করেন।
এই জয়ের ফলে এফসি গোয়া লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করলো। বর্তমানে এফ সি গোয়া ২০ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে। টেবিল টপার মোহনবাগান এর চেয়ে মাত্র ৭ পয়েন্ট ব্যবধান রয়েছে। অন্যদিকে মুম্বাই ২০ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে।







