ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফ নিশ্চিত করার লক্ষ্যে নর্থইস্ট ইউনাইটেড এফসি আজ সোমবার মুখোমুখি হবে চেন্নাইয়িন এফসির। ইতোমধ্যেই যাদের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। ম্যাচটি হবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে রাত ৭:৩০টায়।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা নর্থইস্ট ইউনাইটেড ২২টি গোল করে এখন পর্যন্ত লিগের সেরা অ্যাওয়ে দল। দলটির প্রধান ভরসা মরক্কান স্ট্রাইকার আলাআদ্দিন আজারাই, যিনি প্রথমবারের মতো আইএসএলে খেলতে এসেই ২০ গোল এবং ৫ অ্যাসিস্ট করেছেন। এলানোর টানা গোলের রেকর্ড ভেঙে, বার্থোলোমিউ ওগবেচের এক মৌসুমে সর্বোচ্চ গোলের কীর্তি ছাপিয়ে এবং নর্থইস্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার খেতাব অর্জন করে তিনি ইতিমধ্যেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা নর্থইস্ট ইউনাইটেডের সামনে সমীকরণ সহজ—জয় পেলেই প্লে-অফ নিশ্চিত। তবে ড্র করলে ওড়িশার বিরুদ্ধে হেড-টু-হেড সুবিধা পেলেও মুম্বাই সিটি এবং ইস্টবেঙ্গলের বিপক্ষে পিছিয়ে পড়বে তারা। অন্যদিকে, হারলে শেষ ছয় নিশ্চিত করার দৌড়ে ঢুকে পড়বে ওড়িশা ও ইস্টবেঙ্গল, আর মুম্বাই সিটি সরাসরি কোয়ালিফাই করবে।
চেন্নাইয়িন এফসি এবার একেবারেই ছন্দ খুঁজে পায়নি। কোচ ওয়েন কয়েলের দল মৌসুমের ২১তম ম্যাচে এসে টানা দুটি জয় পেলেও ততক্ষণে প্লে-অফের আশা শেষ হয়ে গিয়েছে। তবু দলের শেষ দুটি ম্যাচ ঘরের মাঠে হওয়ায় তারা মর্যাদা রক্ষার শেষ চেষ্টায় থাকবে। চেন্নাইয়িনের হয়ে এই ম্যাচে খেলতে পারবেন না লালদিনলিয়ানা রেন্থলে (চোট), সন্দেহের তালিকায় রয়েছেন লালরিনলিয়ানা হনমতে ও কিয়ান নাসিরি (অসুস্থতা)।
নর্থইস্ট ইউনাইটেড চেন্নাইয়ে শেষবার জিতেছিল ২০১৮ সালে, ৪-৩ ব্যবধানে। দীর্ঘদিন পর আবার সেখানে জয় তুলে নিয়ে তারা প্লে-অফ নিশ্চিত করতে মরিয়া। ম্যাচের উত্তেজনা তুঙ্গে ওঠার সম্ভাবনা প্রবল।







