গত ২৮শে মার্চ মায়ানমারে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি এখনও টাটকা। সেই কম্পন শুধু মায়ানমার নয়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককেও নাড়িয়ে দিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন তিন হাজারের বেশি মানুষ, যার মধ্যে থাইল্যান্ডের ১৭ জনও ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, সেই ভূমিকম্প ৩০০টি পরমাণু বোমার বিস্ফোরণের সমান ছিল। ইনওয়া সেতুর মতো বহু কাঠামো ধূলিসাৎ হয়ে গিয়েছিল।
এই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই, হিমালয়ে আসন্ন এক মহাবিপদ নিয়ে সতর্কবার্তা জারি করলেন বিজ্ঞানীরা। প্রখ্যাত মার্কিন ভূ-পদার্থবিদ রজার বিলহামের মতে, “ভারত প্রতি শতাব্দীতে তিব্বতের দক্ষিণ প্রান্ত থেকে ২ মিটার নীচে নেমে যায়।” কিন্তু উত্তর প্রান্ত সেই হারে না নামায়, বছরের পর বছর ধরে সেখানে বিপুল চাপ জমা হচ্ছে। এই জমা হওয়া শক্তি যে কোনো মুহূর্তে ভয়াবহ ভূমিকম্পের রূপ নিতে পারে, যা ৮ বা তার বেশি মাত্রার হতে পারে। বিলহামের স্পষ্ট ভাষায়, “এটা অনিবার্য।”
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হিমালয়ের এই ভূমিকম্প ভারতের প্রায় ৫৯ শতাংশ এলাকাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার এবং উত্তর-পূর্বের রাজ্যগুলি। এমনকি দিল্লি, মুম্বাই, কলকাতার মতো বড় শহরগুলিও বিপজ্জনক লাইনে অবস্থিত।
ভারতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ কেন এত বেশি, সেই প্রসঙ্গে বিশেষজ্ঞরা দুর্বল নির্মাণ কাঠামোকেই দায়ী করছেন। পর্যাপ্ত নিয়মকানুন না মেনে বাড়িঘর তৈরির কারণেই গুজরাটের ভুজ (২০০১) বা নেপালের (২০১৫) ভূমিকম্পে বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল। যেখানে জাপানের মতো ভূমিকম্পপ্রবণ দেশে উন্নত নির্মাণশৈলীর কারণে ক্ষতির পরিমাণ অনেক কম থাকে।
হিমালয়ে আসন্ন এই মহাবিপদ মোকাবিলায় এখনই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।







