এক সপ্তাহের অচলাবস্থার পরে আবার গতি ফিরছে আইপিএলে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জন্য এবারের লিগ রাউন্ড শেষপর্যন্ত হয়ে উঠেছে অঙ্কের খেলায় টিকে থাকার লড়াই। কেকেআরের হাতে বাকি মাত্র দুটি ম্যাচ। শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও।
বিসিসিআইয়ের ঘোষিত নতুন সূচি অনুযায়ী, কেকেআরের পরবর্তী ম্যাচ ১৭ মে, প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির দলকে হারিয়ে শেষ ম্যাচে মুখোমুখি হতে হবে সানরাইজার্স হায়দরাবাদের। ২৫ মে দিল্লিতে আয়োজিত হবে সেই ম্যাচ। দুটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭.৩০টায়।
১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে কেকেআর বর্তমানে রয়েছে ষষ্ঠ স্থানে। বাকি দুটি ম্যাচে জয় পেলে সর্বোচ্চ ১৫ পয়েন্টে পৌঁছানো সম্ভব। কিন্তু প্লে-অফের টিকিট একেবারেই নিশ্চিত নয়। কারণ, গুজরাত টাইটান্স ও বেঙ্গালুরু ইতিমধ্যেই ১৬ পয়েন্ট নিয়ে সুরক্ষিত জায়গায় রয়েছে।
এছাড়াও, পঞ্জাব কিংসের ঝুলিতে রয়েছে ১৫ পয়েন্ট। তাঁদের এক ম্যাচে এক পয়েন্ট পেলেই কেকেআরের পক্ষে তাঁদের টপকানো সম্ভব নয়। একইভাবে মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে ১৪ পয়েন্টে, হার্দিকদের একটিও জয় কেকেআরের পথ আরও কঠিন করে তুলবে।
সব মিলিয়ে কেকেআরের জন্য এই দুই ম্যাচ শুধুই নিজেদের সেরাটা দেওয়া নয়, বরং অন্য দলের হোঁচটেও ভরসা রাখতে হবে। রাজনীতি বা আন্তর্জাতিক পরিস্থিতি যেমন মাঠের বাইরের গল্প বদলে দেয়, তেমনই এবারের আইপিএলে কেকেআরের ভাগ্য গড়ে দিতে পারে বাইরের কোনো ম্যাচের ফলাফল। এই উত্তেজনার মাঝেই আবার শুরু হচ্ছে ব্যাট-বলের মহারণ।







