দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে প্রাণ ফিরছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ার পর সেই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। মানুষের ভিড়ে পদপিষ্ট হয়ে ১১ জন প্রাণ হারান, জখম হন আরও অনেকে। সেই শোকাবহ ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় চিন্নাস্বামীতে সব ধরনের বড় ম্যাচ আয়োজন স্থগিত করে দিয়েছিল প্রশাসন। তবে সব বাধা কাটিয়ে এবার কর্ণাটক সরকার সবুজ সংকেত দিয়েছে আবারও সেখানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট আর আইপিএলের রোমাঞ্চ।
রাজ্য স্বরাষ্ট্র দফতর কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কিছু কড়া শর্ত মেনেই খেলা শুরুর অনুমতি দিয়েছে। আরসিবি ম্যানেজমেন্টও ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। স্টেডিয়ামের প্রতিটি কোণে নজর রাখতে বসানো হচ্ছে প্রায় ৩০০ থেকে ৩৫০টি আধুনিক এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা। এই প্রযুক্তি শুধু ভিড়ের ওপর নজরই রাখবে না, কোথাও বিশৃঙ্খলা তৈরি হওয়ার উপক্রম হলে বা লাইনে গোলমাল দেখলে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাঠাবে।
সবচেয়ে বড় বিষয় হলো, দর্শকদের সুরক্ষার কথা ভেবে এই প্রযুক্তির পেছনে খরচ হওয়া প্রায় সাড় চার কোটি টাকার সম্পূর্ণ ভার নিয়েছে খোদ আরসিবি টিম ম্যানেজমেন্ট। ক্লাব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, মাঠের জয়ের চেয়েও ভক্তদের জীবন তাঁদের কাছে অনেক বেশি দামি। তাই এবার থেকে স্টেডিয়ামে ঢোকার সময় থেকে বেরিয়ে আসা পর্যন্ত প্রতিটি ধাপে নজরদারি চালানো হবে যাতে গত বছরের মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয়।সরকারের এই সিদ্ধান্তে বেঙ্গালুরুর ক্রিকেট প্রেমীদের মধ্যে খুশির জোয়ার দেখা দিয়েছে। নিজেদের ঘরের মাঠে প্রিয় দলকে সমর্থন করার সুযোগ ফিরে পাওয়ায় স্বস্তিতে সাধারণ মানুষ। এখন কেবল অপেক্ষা মাঠের লড়াই শুরু হওয়ার, তবে এবার মাঠের ভেতরে চার-ছক্কার চেয়েও মাঠের বাইরের সুরক্ষা নিয়েই বেশি আত্মবিশ্বাসী আয়োজকরা।







