জলপাইগুড়িতে নাকা চেকিংয়ে বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। একটি বেসরকারি বাস থেকে প্রায় ৫৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে তিনজন মহিলা রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে জলপাইগুড়ি আসছিল ওই বেসরকারি যাত্রীবাহী বাসটি। রবিবার দুপুর নাগাদ জলপাইগুড়ি শহরের প্রবেশদ্বারে গোশালা মোড়ে রুটিন নাকা চেকিং চলাকালীন বাসটিকে আটকায় পুলিশ। এরপর তল্লাশি চালাতেই সিটের নিচে একের পর এক ব্যাগ পাওয়া যায়। মোট সাতটি ব্যাগে গাঁজা ভরা ছিল, যার ওজন প্রায় ৫৩ কেজি।
জেলা পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালে জানিয়েছেন, ধৃতদের বাড়ি কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকায়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই গাঁজা পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
পুলিশের এই সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলা প্রশাসন। গাঁজা পাচার রুখতে আগামিদিনে আরও কড়া নজরদারি ও অভিযান চালানোর বার্তা দিয়েছেন পুলিশ সুপার। উত্তরবঙ্গে মাদক চক্র রুখতে জেলা পুলিশের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।







