আগামী ২৭ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে কাজল অভিনীত ‘মা’। বিশাল ফুরিয়া পরিচালিত এই মাইথোলজিকাল হরর সিনেমায় কাজলের পাশাপাশি অভিনয় করেছেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, গোপাল সিং, জিতিন গুলাটি সহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছেন অজয় দেবগন ও জ্যোতি দেশপান্ডে। হিন্দি, তামিল, তেলেগু ও বাংলা এই চারটি ভাষায় মুক্তি পাবে ‘মা’। ছবির প্রচারের আগে দক্ষিণেশ্বর কালীমন্দিরে পুজো দিতে হাজির হন কাজল। পিচ রঙের শাড়িতে মায়ের দর্শনে এসেছিলেন অভিনেত্রী। তাঁকে দেখতে ভিড় জমে মন্দির চত্বরে।
পুজোর পর সংবাদমাধ্যমকে কাজল জানান,”আমার কলকাতায় আসতে ভালো লাগে। মা কালীর উপর আমার গভীর বিশ্বাস। মনে হয় বাপের বাড়ি এসেছি। তাই ছবির প্রমোশন শুরু হওয়ার আগে মায়ের আশীর্বাদ নিতে এসেছি। আমার বিশ্বাস, মা আমার সঙ্গে থাকবেন।” ছবিটি সম্পর্কে বলতে গিয়ে কাজল বলেন,”এই সিনেমায় আমার চরিত্রটি খুবই শক্তিশালী। এটি একটি আধ্যাত্মিক এবং ভৌতিক গল্প। ছবি শেষ হলেও গল্পটি দর্শকদের মনে গেঁথে থাকবে, এমনটাই আশা করি।”
‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে কাজল বলেন,”ভারতীয় সেনা জওয়ানদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। তাঁদের কারণেই আমরা সুরক্ষিত। এই ঋণ কখনও শোধ করা যায় না। তাঁদের প্রত্যেককে স্যালুট জানাই। এই সিনেমার আরেকটি বিশেষ আকর্ষণ ছোট্ট রূপকথা চক্রবর্তী। জানা গেছে, ছবিতে ভূতের চরিত্রে দেখা যাবে তাঁকে। মজার বিষয়, কাজলের গ্রামের বাড়ির দেখভাল করেন যাঁরা, তাঁদেরই এক কন্যা রূপকথা। বাংলা শেখাতে তিনিই সাহায্য করেছেন কাজলকে। ছবিতে ভূতের মেকআপে প্রথম দিন মেয়েকে দেখে চমকে গিয়েছিলেন রূপকথার মা। সব মিলিয়ে দর্শকের জন্য এক অন্যধরনের অভিজ্ঞতা নিয়ে আসছে ‘মা’।







