‘গুড নিউজ’ এবং ‘জুগ জুগ জিও’-র সাফল্যের পর ফের বলিউডে বড়সড় এক প্রজেক্ট নিয়ে ফিরছেন পরিচালক রাজ মেহতা। এবার করণ জোহরের ধর্মা প্রোডাকশন-এর ব্যানারে রাজের নতুন ছবিতে একেবারে নতুন এক জুটি টাইগার শ্রফ ও জাহ্নবী কাপুর। ছবির নাম ‘লগ যা গলে’, যেখানে প্রেম, প্রতিশোধ, যন্ত্রণা আর আবেগ একসূত্রে বাঁধা থাকবে। সূত্রের খবর, রাজ মেহতা বেশ কিছুদিন ধরেই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন। রিভেঞ্জ-অ্যাকশন থিমের মধ্যে প্রেমের আবেগ জুড়ে তৈরি করেছেন এক হাই-ভোল্টেজ প্লট। একেবারে ফ্রেশ কেমিস্ট্রি খুঁজতেই টাইগার ও জাহ্নবীকে এই ছবির প্রস্তাব দেন পরিচালক, আর দু’জনেই নাকি সঙ্গে সঙ্গেই সম্মতি দেন।
ছবির নাম নিয়ে অনেক ভাবনার পর শেষমেশ ‘লগ যা গলে’ নামেই সিলমোহর পড়ে। এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, ছবিটি যদিও রিভেঞ্জ ড্রামা, তবুও এতে থাকবে নরম-গভীর প্রেমের গল্পও। থাকবে চমকপ্রদ অ্যাকশন সিকোয়েন্স, দুর্ধর্ষ স্টান্ট, ভিজুয়াল স্টাইলিং সব মিলিয়ে বড়পর্দার উপযোগী একটি অ্যাকশন-প্যাকড ব্লকবাস্টার। শুটিং শুরু হবে ২০২৫ সালের অক্টোবর মাসে। সেই সময় টাইগার শেষ করবেন ‘বাগী ৪’-এর প্রচার, আর জাহ্নবী ব্যস্ত থাকবেন ‘সানি সংস্কারী কি তুলসিকুমারী’-র প্রচার নিয়ে। দুই তারকার কাজের শিডিউল মিলিয়েই শুরু হবে এই নতুন ছবির শ্যুটিং।
ছবিতে টাইগারের জন্য থাকছে টানটান অ্যাকশন, স্টান্টে ভরপুর সিকোয়েন্স, আর অন্যদিকে জাহ্নবীর চরিত্রে থাকবে গভীর আবেগ আর মানসিক লড়াইয়ের রঙ। ধর্মা প্রোডাকশন ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে এই প্রজেক্টকে বড়োপর্দার অ্যাকশন ব্লকবাস্টার হিসেবে গড়ে তুলতে। বলিউডের অনুরাগীদের জন্য নিঃসন্দেহে এটি হতে চলেছে ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি।







