বোলপুরের আইসি-কে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। যদিও ভাইরাল হওয়া অডিও ক্লিপে থাকা কণ্ঠস্বর তাঁর নয় বলে দাবি করেছেন অনুব্রত নিজে। তবে অডিওর সত্যতা এখনো নিশ্চিত না হলেও, ঘটনাটিকে কেন্দ্র করে কড়া অবস্থান নিয়েছে তৃণমূল কংগ্রেস।
শনিবার দলীয় তরফে প্রকাশিত একটি সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্টভাবে জানানো হয়েছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে অনুব্রত দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করেছেন। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, “অনুব্রত মণ্ডল যে অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন, তার সঙ্গে দল সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করে এবং এই মন্তব্য সমর্থন করে না। দল এই মন্তব্যের তীব্র নিন্দা করছে।”
সেই সঙ্গে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, অনুব্রতকে আগামী চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে দলীয় তরফে।
এদিকে, ঘটনায় নবান্নও গুরুত্ব সহকারে পদক্ষেপ নিয়েছে। বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, বোলপুর আইসি লিটন হালদারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪টি ধারায় — ২২৪, ১৩২, ৩৫১ ও ৭৫ — অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।







