বলিউড সুপারস্টার আমির খান তাঁর আগামী ছবি ‘সিতারে জমিন পর’ দিয়ে বড় পর্দায় ফিরতে চলেছেন ‘লাল সিং চাড্ডা’-র ব্যর্থতার পর। এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন আমির। সম্প্রতি রাজ শামানির পডকাস্টে তিনি জানিয়েছেন, তাঁর ড্রিম প্রজেক্ট ‘মহাভারত’ সম্ভবত তাঁর জীবনের শেষ ছবি হতে পারে।
পডকাস্টে আমিরকে যখন তাঁর শেষ ছবির বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, “মহাভারত তৈরি করা আমার স্বপ্ন, এবং ২০ জুন ‘সিতারে জমিন পর’ মুক্তি পাওয়ার পর আমি এটি নিয়ে কাজ শুরু করব।” তিনি আরও বলেন, “আমার মনে হয় এই একটি প্রকল্প, যা শেষ করার পর আমার হয়তো আর কিছু করার থাকবে না। কারণ এর বিষয়বস্তু এতটাই স্তরযুক্ত, আবেগপ্রবণ, বিশাল মাপের। পৃথিবীতে যা কিছু আছে, সবই মহাভারতে খুঁজে পাওয়া যায়।”
খানিকটা দার্শনিক ভঙ্গিতে আমির আরও যোগ করেন, “আমি আশা করি কাজ করতে করতেই আমার মৃত্যু হবে। যেমন এ কে হাঙ্গল জি বলতেন, ‘আমি কাজ করতে করতে মরতে চাই’—আমরা সবাই এটাই চাই। কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমি একটা কথাই ভাবতে পারি যে, হয়তো মহাভারত করার পর আমার মনে এমন একটা অনুভূতি আসবে যে, এরপর আমার আর কিছু করার নেই। হয়তো, আমি জানি না।”
এর আগে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির তাঁর স্বপ্নের প্রকল্প ‘মহাভারত’ নিয়ে কথা বলেছিলেন। তিনি তখন বলেছিলেন, “এক ছবিতে মহাভারত বলা সম্ভব নয়। তাই আমি একাধিক ছবির কথা ভাবছি এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটি পরিকল্পনা করতে গেলে একাধিক পরিচালকের প্রয়োজন হতে পারে। যদি আমরা একের পর এক করি, তাহলে অনেক সময় লেগে যাবে। লর্ড অফ দ্য রিংস-এর মতো, যেখানে তারা তিনটি অংশ একসঙ্গে শ্যুট করেছিল। সেরকম কিছু?”
আমির খানের এই মন্তব্য নিঃসন্দেহে বলিউড এবং তাঁর ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু করেছে। ‘সিতারে জমিন পর’ মুক্তির অপেক্ষায় থাকা ভক্তদের জন্য ‘মহাভারত’-এর ঘোষণা এক নতুন উদ্দীপনা যোগ করেছে।







