শান্তিপুরে ফের এক মর্মান্তিক ঘটনা। শনিবার সকালে শহরের ঢাকা পাড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, ব্ল্যাকমেলিংয়ের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন ওই যুবক।
জানা গেছে, মৃত যুবক দীর্ঘদিন ধরেই শান্তিপুর স্টেডিয়াম পাড়ার এক মহিলার ব্ল্যাকমেলিংয়ের শিকার হচ্ছিলেন। অভিযোগ, নানা ব্যক্তিগত বিষয় সামনে আনার হুমকি দিয়ে ওই মহিলা নিয়মিত টাকা আদায় করছিলেন তাঁর কাছ থেকে। দিনের পর দিন এই আর্থিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে যুবকটি চরম সিদ্ধান্ত নেন বলে দাবি পরিবারের।
শনিবার সকালে পরিবারের সদস্যরা যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান নিজের ঘরে। সঙ্গে সঙ্গেই শান্তিপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
অন্যদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত মহিলা পলাতক। তাঁর বাড়িতে তালা ঝুলছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এমন ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি। একজন যুবক কীভাবে দিনের পর দিন ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে চুপচাপ থাকলেন, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
এই ঘটনা ঘিরে এলাকায় গভীর শোক ও ক্ষোভ—পাশাপাশি উঠছে প্রশ্ন, কতটা নিরাপদ আজকের যুবসমাজ, আর কতটা ভয়ঙ্কর হতে পারে ব্ল্যাকমেলিংয়ের দমনচক্র?







