সুন্দরবনের বুকে নতুন দিশা!
এতদিন প্লাস্টিক ও বর্জ্য পদার্থ মানেই দূষণ ও দুর্ভোগ। তবে এবার সেই ‘অবাঞ্ছিত’ জিনিসই হয়ে উঠবে স্বর্ণসম সম্পদ। হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা, যোগেশগঞ্জ ও গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হল অভিনব প্রকল্প—বর্জ্য থেকে জৈব সার তৈরির কেন্দ্র।
এখনও বহু গ্রামীণ অঞ্চলে নেই যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা। কিন্তু হিঙ্গলগঞ্জে প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এক নতুন দৃষ্টান্ত। বসিরহাট মহকুমা শাসক আশীষ কুমার, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, বিডিও দেবদাস গাঙ্গুলী, হেমনগর কোস্টাল থানার ওসি মোনায়েম হোসেন এবং বন ও ভূমি বিভাগের কর্মাধক্ষ সুরজিত বর্মন এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন।
এই প্রকল্প কেবল পরিবেশ রক্ষার পথ দেখাবে না, কৃষকদের জন্যও খুলে দেবে জৈব চাষের নতুন দরজা। স্থানীয় বাসিন্দারা আশাবাদী—এ এক যুগান্তকারী পদক্ষেপ, যা অঞ্চলকে পরিচ্ছন্ন ও কৃষিকাজে সহায়ক করে তুলবে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই প্রকল্প সফল হলে সুন্দরবনের অন্যান্য অঞ্চলেও দ্রুত তা ছড়িয়ে দেওয়া হবে।
পরিবেশ রক্ষা, কৃষিতে সহায়তা এবং বর্জ্য ব্যবস্থাপনায় নবযুগ—সবই একসাথে হিঙ্গলগঞ্জের এই প্রকল্পে। সুন্দরবন পাচ্ছে নতুন পরিচয়।







