অনুরাগ বসুর পরিচালনায় আসতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘মেট্রো… ইন দিনো’, যা মূলত ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘লাইফ ইন এ… মেট্রো’র আধুনিক রূপ বা দ্বিতীয় অধ্যায়। আগামী ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই ছবিতে একঝাঁক তারকাকে একসঙ্গে দেখা যাবে বড়োপর্দায়। চলচ্চিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি ও কঙ্কনা সেন শর্মা। আগের সিনেমাতে অভিনয় করা একমাত্র অভিনেত্রী হিসেবে কঙ্কনা রয়েছেন এই নতুন কিস্তিতেও। এবার তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন পঙ্কজ, যা দর্শকদের জন্য এক নতুন জুটি হিসেবে নজর কাড়তে চলেছে।
ছবির ট্রেলারে দেখা গিয়েছে এক দৃশ্য, যেখানে পঙ্কজ ত্রিপাঠিকে প্রায় অর্ধনগ্ন অবস্থায়, শুধুমাত্র মোজা ও একটি কাপড়ে ঢাকা নিম্নাঙ্গ নিয়ে ছুটে যেতে দেখা যায় ব্যস্ত রাস্তায়। আশ্চর্যের বিষয়, এই দৃশ্যে যাঁরা পঙ্কজকে দেখছিলেন, তাঁরা সবাই সাধারণ পথচারি, কোনও অভিনেতা নন। পরিচালক অনুরাগ বসু এই দৃশ্যটিকে আরও বাস্তবিক করে তুলতে ব্যবহার করেন গোপন ক্যামেরা, যাতে উপস্থিত মানুষদের স্বাভাবিক প্রতিক্রিয়া ধরা পড়ে। যদিও শ্যুটিংয়ের আগে এই দৃশ্য নিয়ে বেশ সংকোচ বোধ করেছিলেন পঙ্কজ, তবে পরে নিজেই স্বীকার করেন, বাস্তব রূপ দেওয়ার জন্য এই পদ্ধতি ছাড়া আর উপায় ছিল না। দৃশ্যটির জন্য তিনি বাড়িতে অনুশীলনও করেছিলেন কয়েকদিন।
এই ছবিতে আরও অভিনয় করেছেন সারা আলি খান, আদিত্য রায় কাপুর, আলি ফজল, ফাতিমা সানা শেখ, অনুপম খের, নিনা গুপ্তা ও শাশ্বত চট্টোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালনা করছেন প্রীতম, যাঁর সুরে আগেও ‘লাইফ ইন এ… মেট্রো’-তে মুগ্ধ হয়েছিল দর্শক। এখন দেখার বিষয়, প্রথম সিনেমার মতোই ‘মেট্রো… ইন দিনো’ দর্শকদের মন জয় করতে পারে কি না।







