রাজনীতিরাজ্য

২১ জুলাই প্রস্তুতি বৈঠকে ‘সারপ্রাইজ’ অনুব্রত-কাজলের জন্য! কড়া বার্তায় কাঁপল বীরভূমের দুই হেভিওয়েট নেতা

২১ জুলাই শহিদ দিবস ঘিরে তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে। আর সেই প্রস্তুতি বৈঠকে যোগ দিতেই আজ সকাল সকাল কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। কিন্তু ভবানীপুরে গীতবিতান ভবনে পৌঁছতেই অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত চমক। দুপুর ১টা নাগাদ অনুব্রত ও কাজলকে সঙ্গে নিয়েই বেরিয়ে পড়েন ফিরহাদ হাকিম। গন্তব্য—সোজা সুব্রত বক্সির দফতর। সেখানে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাসও।

সূত্রের খবর, সেখানে অনুব্রত ও কাজলকে নিয়ে হয় ঘরোয়া বৈঠক। আর সেখানেই দেওয়া হয় কড়া বার্তা। রাজনৈতিক মহলের দাবি, সাম্প্রতিক কালে বীরভূমে দলীয় শৃঙ্খলা ভাঙার একাধিক অভিযোগ জমা পড়েছে অনুব্রত ও কাজলকে ঘিরে। কখনও পুলিশকে কটুক্তি, তো কখনও অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। আর এবার সেই সমস্ত আচরণে লাগাম টানতেই এই ‘স্পেশাল মিটিং’।

সূত্র বলছে, সুব্রত বক্সি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন—মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি এই দল ব্যক্তিগত ‘ইগো’র জায়গা নয়। প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না নেতৃত্ব। কুকথা কাণ্ডে অনুব্রতকে দেওয়া হয়েছে ‘লাস্ট ওয়ার্নিং’।

নজরে আগামী বিধানসভা নির্বাচন। তার আগে ২১ জুলাইয়ের শহিদ সভা দলের শক্তি ও ঐক্যের বার্তা দেবে বলেই মনে করছে দলনেত্রী শিবির। তাই কোনওভাবেই বরদাস্ত করা হবে না শৃঙ্খলাভঙ্গ। প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন জেলার সভাপতি, চেয়ারম্যান-সহ কোর কমিটির শীর্ষ নেতৃত্ব। বীরভূম ও উত্তর কলকাতার সংগঠন আগেই নতুন করে সাজানো হয়েছে। এখন নজর—কারা থাকবেন মঞ্চে, আর কে থাকবেন শুধু দর্শকসারিতে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.