বিনোদন

প্রযোজক অপহরণে অভিনেত্রী দম্পতির নাম জড়াল, পাল্টা অভিযোগও উড়ে এল

সম্প্রতি টলিউডে চাঞ্চল্য ছড়িয়েছে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী কুণাল বর্মার অভিযোগ এবং পাল্টা অভিযোগ ঘিরে। চার দিন আগে এক ভিডিও বার্তায় পূজা-কুণাল জানান, এক ‘ঘনিষ্ঠ বন্ধু’ তাঁদের বহু বছরের সঞ্চয় প্রতারণা করে লুটে নিয়েছেন। যদিও তখন অভিযুক্তের নাম প্রকাশ করেননি তাঁরা।

তবে শনিবার রাতে এই ঘটনার মোড় ঘোরে। প্রযোজক শ্যামসুন্দর দে-র স্ত্রী মালবিকা দে সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, ৩১ মে গোয়ায় শ্যামসুন্দরকে জোর করে একটি ভাড়া গাড়ি থেকে অপহরণ করে অজানা একটি বাড়িতে আটকে রাখেন পূজা-কুণাল ও তাঁদের সঙ্গীরা। অভিযোগ, চার দিন আটকে রেখে ৬৪ লক্ষ টাকা দাবি করা হয়। প্রযোজক বাধ্য হয়ে ২৩ লক্ষ টাকা পরিশোধ করেন। এমনকি, তাঁর ফোন থেকে একটি ভিডিও বার্তাও রেকর্ড করানো হয়, যেখানে তিনি সব কিছু স্বেচ্ছায় করছেন বলে বলেন। প্রযোজকের দাবি, ওই ভিডিও ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।

এই প্রসঙ্গে পূজা বন্দ্যোপাধ্যায় অভিযোগগুলোকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন এবং জানান, সঠিক সময়ে তাঁরা বিস্তারিত বক্তব্য দেবেন। তবে তাঁদের ভিডিও বার্তায় যে ‘বিশ্বাসভঙ্গকারী বন্ধু’র কথা বলা হয়েছিল, তিনি শ্যামসুন্দর দে কি না, তা স্পষ্ট করেননি। এদিকে শ্যামসুন্দর গোয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিবাদে উত্তপ্ত টলিউড। তদন্তের পরেই প্রকৃত সত্য সামনে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.