জেলা

মুর্শিদাবাদের খড়গ্রামে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ধান ব্যবসায়ীর যোগসন্ধান?

মুর্শিদাবাদ জেলায় ফের চাঞ্চল্যকর ঘটনা। খড়গ্রাম থানার অন্তর্গত আতই কালিতলা এলাকার এক বিলের ধারে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় মৃতদেহ। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি বস্তার মধ্যে থেকে দুর্গন্ধ বেরোতে দেখে খবর দেন পুলিশকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় খড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী, নেতৃত্বে ছিলেন থানার ওসি সুরজিৎ হালদার। উপস্থিত ছিলেন কান্দি মহকুমার পুলিশ আধিকারিক শ্বাসরেখা আম্বর্দারও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে দুনিগ্রাম এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন উত্তম পাল নামে এক ধান ব্যবসায়ী। তাঁর পরিবারের তরফে খড়গ্রাম থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। এখন প্রশ্ন উঠছে, উদ্ধার হওয়া মৃতদেহটি সেই নিখোঁজ ব্যবসায়ীর কি না। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে। উত্তম পালের ছেলেকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি তদন্তকারীরা খতিয়ে দেখছেন নিখোঁজ এবং এই রহস্যজনক মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র আছে কি না।

ঘটনাস্থলে ভিড় জমেছে এলাকাবাসীর। আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এক স্থানীয় বাসিন্দা প্রিয়ব্রত ঘোষ বলেন, “আমরা গন্ধ পেয়ে কাছে গিয়ে দেখি বস্তার মধ্যে দেহ, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই।”

পুলিশ জানিয়েছে, এই রহস্যময় হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত, সে বিষয়ে তারা নিশ্চিত হতে তদন্তে আরও গতি আনছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য তুঙ্গে। পুলিশের দাবি, খুব শিগগিরই রহস্যভেদ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.