এবারের শীতকে দেখে মনে হচ্ছে, শীত যেন আমাদের সাথে খেলা করছে। কারণ মাঝে মধ্যে দেএখা দেয়। আবার কোথায় পালিয়ে যায়। গত দু দিন ধরে উত্তরে হাওয়ার দাপটে তাপমাত্রা কমছিল হু হু করে। শীতপ্রেমী বাঙালি খুশি হয়েছিলেন। তবে সেই খুশিও বেশিদিনের আর টিকলো না।রবিবার থেকেই আবারও বেড়ে যাবে তাপমাত্রা, এমনটাই বলছে হাওয়া অফিস। তারই মধ্যে একটা আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়ার পূর্বাভাসে রয়েছে নতুন ঝঞ্ঝার খবর, যার জেরে নতুন করে বাড়ছে তাপমাত্রা। মাঝে পৌষে বাংলা জুড়ে শীতের আমেজ দেখা গেলেও,এই দফাতেও স্থায়ী হবে না শীত। আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে আগামী রবিবার থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। নতুন ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার জোগানও কমবে। ফলে ঠাণ্ডা আবার গায়েব।
এদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। সেই সঙ্গে থাকবে বৃষ্টির সম্ভাবনাও। এরই মধ্যে আশার খবর হল, বরফ পড়বে দার্জিলিংয়ে। চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহের শুরুর দিকেই বরফ পড়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ যাঁরা ওই সময়ে পাহাড়ের টিকিট কেটেছেন, তাঁরা উপভোগ করতে পারবেন সেই দৃশ্য। বিক্ষিপ্ত হালকা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।







