দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট বিশ্বকাপের হতাশা এখনও অনেকের মনে টাটকা। তার মধ্যেই ইংল্যান্ডের মাটিতে শুরু ভারতের নতুন টেস্ট সফর। রোহিত-কোহলি নেই, শুভমন গিলের কাঁধে নেতৃত্ব, গৌতম গম্ভীরের প্রথম বিদেশ সফর কোচ হিসেবে। আর হেডিংলেতে প্রথম টেস্টের আগে আলোচনার কেন্দ্রে সেই চিরাচরিত প্রশ্ন—পিচ কেমন?
২০ জুন শুরু হতে চলা সিরিজের প্রথম ম্যাচে উইকেট হবে সবুজ না ব্যাটারদের সহায়ক—এই নিয়েই জল্পনা। তবে হেডিংলের প্রধান কিউরেটর রিচার্ড রবিনসনের বক্তব্য কিছুটা আশারই। তিনি জানিয়ে দিয়েছেন, পিচ বানানো হয়েছে যাতে খেলা পাঁচ দিন গড়ায়। এমন পিচ নয় যেখানে ম্যাচ তিন দিনেই শেষ হয়ে যাবে। উইকেটে থাকবে প্রাথমিক আর্দ্রতা, যা খেলার সঙ্গে সঙ্গে কমবে।
রবিনসনের ব্যাখ্যা, খেলার শুরুর দিকে বোলাররা সুবিধা পাবেন। তবে যত সময় এগোবে, তত ব্যাটারদের জন্য সহজ হবে পিচ। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় ইনিংসে ব্যাট করা তুলনামূলকভাবে সুবিধাজনক হবে। চতুর্থ ইনিংসে আবার স্পিনাররা খেলায় ফিরবেন। তিনি বলেন, “প্রথম ইনিংসে ৩০০ ভাল স্কোর। পরের ইনিংসে ব্যাট করা আরও সহজ হবে। আমি চাই ব্যাট ও বলের মধ্যে সঠিক লড়াই হোক।”
সবুজ ঘাস থাকা সত্ত্বেও তা ছেঁটে ফেলা হবে বলে জানিয়েছেন কিউরেটর। বর্তমান তাপমাত্রা বেশি থাকায় পিচে জল দেওয়া হচ্ছে বেশি, সেই কারণে ঘাসের অস্তিত্ব। তবে ম্যাচের দিন ঘাস কম থাকবে। ভারতীয় দলও এই পরিস্থিতির জন্য তৈরি। ১৪ দিন আগে ইংল্যান্ড পৌঁছে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে ব্যস্ত ছিল শুভমনের দল। প্রথমবারের মতো বিদেশে নেতৃত্ব দিতে নামছেন তিনি, সঙ্গে নতুন কোচ গম্ভীর। তাদের সামনে চ্যালেঞ্জ যেমন বড়, সুযোগও তেমন। এখন দেখার, পিচের এই চরিত্রে কে কাকে টেক্কা দেন—শুভমনেরা না বেন স্টোকসের ইংল্যান্ড।







