রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির প্রাণ, বিশ্বাস, ও আত্মার অবিচ্ছেদ্য অংশ। যাঁরা তাঁকে হৃদয়ের দেবতা হিসেবে মানেন, তাঁদের কাছে জীবনের অন্য সব কিছুর চেয়েও ‘রবির আলোয় বাঁচা’টাই পরম প্রাপ্তি। আর ঠিক এমনই এক আবেগতাড়িত পরিপ্রেক্ষিতে ফের চর্চায় উঠে এসেছেন রবি ঠাকুর। তবে এখানে আলোচনার কেন্দ্রে রয়েছেন একজন অভিনেতা যাঁর রূপে, চাহনিতে, অভিব্যক্তিতে যেন জীবন্ত হয়ে উঠেছে বিশ্বকবি। সামাজিক মাধ্যমে জোরালো ঝড়! সম্প্রতি এক ব্যক্তির ছবি ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে, যাঁকে দেখেই অনেকেই বলছেন,”রবি ঠাকুর যেন ফিরে এলেন!” গোল ফ্রেমের চশমা, শুভ্র দাড়ি, আর সেই শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টি, এই অভিনেতার মধ্যে যেন ঠিকরে পড়ছে রবীন্দ্রনাথের উপস্থিতি।
ইতিপূর্বে বহু শিল্পী চেষ্টা করেছেন কবিগুরুর ভূমিকায় নিজেকে মেলে ধরার। দর্শকের মনে আজও জায়গা করে আছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, যাঁর অনবদ্য অভিনয় ‘রবি ঠাকুর’ চরিত্রে আজও প্রশংসিত। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে যাঁর আবির্ভাব, তাঁকে এই চরিত্রে কেউ কোনোদিন ভাবেননি। আর সেই চমকেই মুগ্ধ দর্শক। এই অভিনেতা আর কেউ নন নব্বইয়ের দশকে বাংলার তরুণীদের হৃদয়জয় করে নেওয়া প্রিয়াংশু চট্টোপাধ্যায়। দীর্ঘদিন রূপালি পর্দা থেকে দূরে থাকলেও, এবার ‘রবীন্দ্র কাব্য রহস্য’ নামক এক প্রজেক্টের মাধ্যমে তিনি ফিরছেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে। আর সেই রূপে তিনি যে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
নেটিজেনদের প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছে, প্রিয়াংশুর রবি ঠাকুর রূপে প্রত্যাবর্তন তাঁদের আবেগের সঙ্গে মিশে গেছে। কেউ বলছেন,”আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম,” আবার কেউ মন্তব্য করছেন,”আপনার ফেলুদা রূপটাও চমৎকার হবে নিঃসন্দেহে।” কেউ আবার বলেই ফেলেছেন,”একেবারে তরুণ সত্যজিৎ রায়ের মতো লাগছে!” বেশিরভাগ দর্শকই বলছেন, প্রিয়াংশু যেন নিজেকে হারিয়ে দিয়েছেন কবিগুরুর ছায়ায়। তাঁর দৃষ্টিভঙ্গি, শরীরী ভাষা এতটাই বিশ্বাসযোগ্য যে বোঝাই মুশকিল তিনি প্রিয়াংশু, না রবি ঠাকুর স্বয়ং! এই নতুন ইনিংস কি প্রিয়াংশুর কেরিয়ারে নতুন দিগন্ত খুলে দেবে? তা সময় বলবে। তবে আপাতত, তিনি যে দর্শকের হৃদয় জয় করে নিয়েছেন, তা নিঃসন্দেহে সত্য।







