রাজ্য

জগন্নাথ মহাপ্রসাদ বিতরণ ঘিরে রাজ্যে রাজনৈতিক তরজা, বিতর্কের মাঝেই রাজ্যবাসীর ঘরে ঘরে ‘প্রভুর আশীর্বাদ’

দীঘায় সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দিরকে ঘিরে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ রাজ্য সরকারের। রেশন ডিলারদের মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবারে পৌঁছে যাচ্ছে প্রভু জগন্নাথের মহাপ্রসাদ। প্যাকেজে থাকছে এক পেঁড়া গজা ও প্রভুর বিগ্রহ এবং মন্দিরের ছবি। রেশন দোকান থেকেই বিতরণ করা হচ্ছে এই ‘দেবতার দান’। রাজ্য সরকার জানিয়েছে, কারও উপরে প্রসাদ গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা হবে না—যাঁরা ইচ্ছুক, তাঁরাই গ্রহণ করতে পারবেন।

তৃণমূল শিবিরের মতে, মুখ্যমন্ত্রীর এই মানবিক পদক্ষেপ মূলত তাঁদের জন্য, যাঁরা অর্থের অভাবে বা শারীরিক অসুস্থতায় দীঘা কিংবা পুরী যেতে পারেন না। মুখ্যমন্ত্রী যেন ঘরে বসেই তাঁদের পৌঁছে দিলেন প্রভুর দর্শন ও প্রসাদ। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই উদ্যোগকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

তবে বিজেপির চোখে এটি শুধুই ‘ধর্মের রাজনীতি’। বিরোধীদের দাবি, এটি প্রকৃত মহাপ্রসাদ নয়—সরকারি বিজ্ঞপ্তিতে ‘রেশন পণ্য’ হিসেবেই উল্লেখ আছে। তাঁরা আরও অভিযোগ করছেন, স্থানীয় মিষ্টির দোকান থেকে কেনা পণ্যকে মহাপ্রসাদ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এবং ভবিষ্যতে এই খাবার খেয়ে কারও কোনও স্বাস্থ্য সমস্যা হলে, তার বিরুদ্ধে প্রতিবাদে নামারও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

এই প্রসাদ বিতরণকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা। কারও কাছে এটা ‘প্রভুর আশীর্বাদ’, কারও চোখে আবার ‘ছদ্মবেশে প্রচার’। তবে এই বিতর্কের মাঝেও রাজ্যবাসীর হাতে পৌঁছে যাচ্ছে জগন্নাথের নাম আর প্রসাদ—এটাই হয়তো আসল বার্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.