দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ছোট্ট গ্রাম তালদি থেকে সোজা ইংল্যান্ড-ফ্রান্সের মাঝখানের বিপদসংকুল ইংলিশ চ্যানেলের জলরেখা পেরিয়ে বিশ্ব দরবারে নিজের নাম লিখে ফেললেন রবিন বলদে। প্রায় ১১ ঘণ্টা ধরে হিমশীতল জল, ভয়ংকর ঢেউ ও প্রকৃতির কঠিন চ্যালেঞ্জের মুখে সাহসিকতা ও অধ্যবসায়কে হাতিয়ার করে রবিন জয় করলেন ৩৪ কিমি দীর্ঘ এই বিখ্যাত জলপথ।
বিশ্বের অন্যতম কঠিন সাঁতারের রুট হিসেবে পরিচিত ইংলিশ চ্যানেল জয় শুধুই শারীরিক দক্ষতার পরীক্ষা নয়, বরং মানসিক দৃঢ়তা, একাগ্রতা ও আত্মবিশ্বাসের প্রকৃত মানদণ্ড। আর সেই চ্যালেঞ্জকেই সাফল্যে রূপ দিয়ে ইতিহাস গড়লেন সুন্দরবনের সন্তান রবিন।
তাঁর এই জয় এক ব্যক্তিগত সাফল্যের গণ্ডি ছাড়িয়ে হয়ে উঠেছে একটি বার্তা— প্রকৃতি রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা এবং সুন্দরবনের অস্তিত্ব রক্ষার আহ্বান। নিজেকে নয়, এই জয় তিনি উৎসর্গ করেছেন বাংলা ও দেশের মানুষকে। তাঁর কথায়, “মানুষের ভালোবাসা না থাকলে এই জয় সম্ভব হত না।”
রবিনের এই ঐতিহাসিক জয়কে ঘিরে উত্তেজনায় ভাসছে গোটা ক্যানিং, উচ্ছ্বসিত স্থানীয় মানুষজন থেকে ক্রীড়ামহল। অনেক তরুণ ক্রীড়াপ্রেমীর কাছে রবিন এখন এক জীবন্ত অনুপ্রেরণা— বিশেষ করে সেই সব পিছিয়ে পড়া এলাকার যুবকদের কাছে, যাঁরা স্বপ্ন দেখেন আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে নিজেকে প্রমাণ করার।
রবিন বলদে শুধু এক সাঁতারু নন, তিনি আজ বাংলা তথা ভারতের ক্রীড়াক্ষেত্রে এক গর্বিত ইতিহাস।







