পানাগরের সুতন্দ্রার মৃত্যুর ঘটনা ইভটিজিং নয় ! আদালতে , এমনই দাবী করলো রাজ্য । রাজ্যের দাবী চন্দননগরের সুতন্দ্রার মৃত্যু হয়েছে দুর্ঘটনায় । পানাগরের ঘটনা নিয়ে , রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করে জানান, “এই ঘটনায় আক্রান্ত একজন ইভেন্ট ম্যানেজার। তিনি বুদ্ধগয়া যাচ্ছিলেন অনুষ্ঠান করতে। গাড়িটি পানাগড়ের পেট্রোল পাম্পে যায়। সেখান থেকে পেট্রোল ভরে বুদ্ধগয়ার উদ্দেশ্যে রওনা দেয়।”
অ্যাডভোকেট জেনারেল জানান , “আর একটি ক্রেটা গাড়িও পানাগড়ের। সেই গাড়ির মালিক তাঁর ছেলে বিষ খেয়ে বর্ধমান হাসপাতালে ভর্তি ছিলেন। পরিবারের বাকি সদস্যদের আশঙ্কা ছিল ছেলের বউ বা মা বিষ খেতে পারে। সেই আশঙ্কায় জোরে গাড়ি চালিয়ে তারা হাসপাতাল থেকে ফিরছিল। তখনই ক্রেটা গাড়িটি প্রথমে ওভারটেক করে সুতন্দ্রাদের গাড়িকে। সেই সময় সুতন্দ্রার অন্য একটা গ্রুপ যারা ট্রেনে যাচ্ছিল তাদের হোটেলে খাবারের আলুভাজা দেওয়াকে কেন্দ্র করে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল। বিষয়টি ফোনে তারা জানাচ্ছিল সুতন্দ্রাকে। কারণ সুতন্দ্রা ছিলেন ইভেন্ট ম্যানেজার। এই পরিস্থিতিতে সুতন্দ্রা একটু মানসিক ভাবে অস্থির হয়ে পড়েন। চেইজ করতে বলে ক্রেটা কারটিকে। এইভাবে চলতে চলতে একটা বাম্পারের জায়গায় দু’টি গাড়ির সামান্য ঠোকাঠুকি হয়।এর জেরে একে অপরকে চেইজ করার প্রবণতা আরও বাড়ে।”
তিনি আরো জানিয়েছেন , “পানাগড়ের একটা জায়গায় এসে ক্রেটা গাড়িটি কার সার্ভিস রোডে ঢুকে যায়। আর সুতন্দ্রার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটা নির্মিয়মাণ টয়লেটে গিয়ে আঘাত করে। এটা কোনও ভাবেই ইভটিজিঙের বিষয় নয়। ” তার দাবী সুতন্দ্রার ঘটনাকে মিডিয়া ইভটিজিং বলে সম্পূর্ণ অন্য গল্প বানিয়ে চালিয়েছে।







