নিজস্ব সংবাদদাতা: ২১ জুলাইকে ঘিরে আরও এক ধাপ এগোল প্রস্তুতি। শহিদ দিবস উপলক্ষে আজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের প্রোমো ভিডিও। প্রোমোতেই উঠে এসেছে আবেগ, ইতিহাস, এবং দলীয় ঐক্যের বার্তা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দেখা গিয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।
মাত্র ২৯ দিন বাকি। তারপরেই কলকাতার রাজপথে হবে সেই ঐতিহাসিক সমাবেশ—শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৃণমূলের বার্ষিক সভা। শহর কলকাতার উপকণ্ঠে এবার হবে এই জমায়েত। আর এই সমাবেশ ঘিরেই ক্রমশ বাড়ছে জনমতের উত্তেজনা।
এর আগে সোশ্যাল মিডিয়া পোস্টারে ছিলেন কেবল মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে অনুপস্থিত দেখে অনেকেই কৌতূহলী হলেও, সূত্র বলছে—নিজেই চাননি তাঁর ছবি থাকুক। তবে এবার প্রোমোতেই চমক। বক্তব্য রাখতে দেখা গিয়েছে মমতা ও অভিষেক—দু’জনকেই।
প্রোমোর এক বিশেষ মুহূর্তে ভেসে উঠেছে সেই ১৩ শহিদের নাম, যাঁদের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার রাজপথ: বন্দনা দাস, মুরারী চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ রায়, মহম্মদ খালেক ও ইনু। তাঁদের নাম উচ্চারিত হতেই ভিডিওজুড়ে ছড়িয়ে পড়ে শ্রদ্ধার নিঃশব্দ অনুরণন।
প্রোমোতে ধরা পড়েছে কলকাতার উপকণ্ঠে ঢল নামা মানুষের ভিড়ও। যেন আগাম বার্তা দিচ্ছে—এই সভা হতে চলেছে নজিরবিহীন। দলের অন্দরে শোনা যাচ্ছে, ২৬-এর নির্বাচনের আগে একুশে জুলাইকে ঘিরেই তৈরি হচ্ছে জনমতের মেরুকরণ। তাই প্রচারে কোনও ফাঁক রাখতে রাজি নয় শাসকদল।
ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে চলছে একাধিক প্রস্তুতি বৈঠক। ছাত্র ও যুব সংগঠনগুলি শুরু করেছে ময়দানে নামা। বর্ষীয়ান নেতাদের পরামর্শে রেকর্ড জমায়েত গড়ার লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিচ্ছে দল। প্রতিটি বুথ, প্রতিটি জেলা—সব জায়গা থেকেই আসবে মানুষ, শহিদদের শ্রদ্ধা জানাতে, আর হয়তো রাজনৈতিক বার্তা দিতেও।
তৃণমূল সূত্রে খবর, এ বছরের শহিদ দিবস হতে চলেছে “গেম চেঞ্জার”। আবেগ, জনজোয়ার ও বার্তার মিশেলে একুশে জুলাই ২০২৫—তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যতের সিঁড়ি হয়ে উঠতে পারে।
কলকাতা প্রস্তুত। দল প্রস্তুত। এবার অপেক্ষা রাজপথ কাঁপানোর।






