নিজস্ব সংবাদদাতা : এদিন কড়া নিরাপত্তার মাধ্যমে আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসে পুলিশ। আর সেখানে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান অভিষেকের নবজোয়ার কর্মসূচি থেকে রবীন্দ্রজয়ন্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর নিয়ে । সে সময় গাড়ি থেকে মুখ বাড়িয়ে হাসি হাসি মুখ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন , “আমি একটা কথা বলি। আপনারা তো অনেকরকম কাল্পনিক লেখা লিখছেন। আমি শুধু একটা কবিতার লাইন বলি।” এরপরই সেই কবিতা বলতে শোনা যায়।
আলিপুর বিশেষ আদালতে নিয়োগ কেলেঙ্কারি মামলায় সোমবার পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য অভিযুক্তদের। সেখানে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকরা। তবে সেসব প্রশ্ন থামিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনারতরী’ কাব্যগ্রন্থের ‘বিম্ববতী’ কবিতার দু’লাইন। রূপকের আড়ালে এ কবিতার প্রতিটি শব্দে লুকিয়ে গূঢ় ভাব। আদালতে পেশের আগে পার্থের না শোনা কণ্ঠে কবিতা আওড়াতে শোনা গেল । ‘মসী লেপি দিল, তবুও ঢাকিল না ছবি। অগ্নি দিল, তবুও গলিল না সোনা‘ — এই কবিতাই শোনা গেল সোমবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুখে। একইসঙ্গে পার্থ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি ১০০ শতাংশ সফল। এই নবজোয়ার আসলে জনজোয়ার, আদালতে ঢোকার আগে এমনটাই বার্তা দেন পার্থ।
যদিও রাজনৈতিক মহলের মতে, এই কবিতার লাইনের মাধ্যমে নিজের অবস্থা ব্যক্ত করার চেষ্টা করলেন পার্থ । শুধু এবার নয় এর আগেও বহুবার তিনি দাবি করেছেন, তাঁর কোনও ভূমিকা নেই কোনও দুর্নীতিতে । যদিও আর্থিক কোনও লেনদেনে তিনি যুক্ত, এমন প্রমাণ তদন্তকারীরা এখনও পেশ করতে পারেনি আদালতে । যার ফলে অকারণে তাঁকে দোষী বলা হচ্ছে। তাঁর কণ্ঠে বিম্ববতী কবিতার এই লাইনগুলিতে তেমনই বার্তা রয়েছে ।







