কলকাতা

কসবা ল’ কলেজ গণধর্ষণ কাণ্ডে কল্যাণের মন্তব্য ঘিরে বিতর্ক, অভিযুক্তের TMC-যোগে তীব্র প্রশ্নবাণ

কসবা আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গোটা রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই নৃশংস অপরাধের মূল অভিযুক্ত মনোজিত মিশ্রের তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে গভীর সংযোগ সামনে আসতেই রাজনীতি আরও উত্তপ্ত। অভিযুক্ত মনোজিতের ফেসবুক প্রোফাইলে স্পষ্ট লেখা— “সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ কলকাতা জেলা TMCP”। এমনকি সে কলেজ ইউনিয়নের প্রাক্তন সভাপতি এবং অস্থায়ী কর্মী হিসেবেও কাজ করেছে বলে খবর।

এই প্রেক্ষিতে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নারীদের রক্ষা করা পুরুষ সহকর্মীদের দায়িত্ব”, তবে সঙ্গে যোগ করেন— “নারীদেরও সতর্ক থাকতে হবে কাদের সঙ্গে ঘোরাফেরা করছেন”। এই মন্তব্য ঘিরে বিস্তর বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের একাংশ প্রশ্ন তুলেছে— এর মাধ্যমে কি নির্যাতিতাকেই দায়ী করার চেষ্টা চলছে?

কলেজে নিরাপত্তার ঘাটতি, অভিযুক্তের রাজনৈতিক ছত্রছায়া, এবং প্রশাসনের ভূমিকা— সবই এখন তদন্তের আওতায়। তিন অভিযুক্ত ধৃত, মোবাইল ফোন বাজেয়াপ্ত, ফরেনসিক নমুনা সংগ্রহ চলছে। সিসিটিভি ফুটেজ, মোবাইল লোকেশন এবং কল রেকর্ড বিশ্লেষণের কাজও শুরু হয়েছে।

এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে সমাজের নানা স্তর। সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষামহল— সকলেই চাইছে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। রাজ্যবাসীর একটাই দাবি— “ন্যায় চাই, রাজনীতি নয়!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.