সেবকে ধসের জেরে আবার বিপর্যস্ত শিলিগুড়ি-কালিম্পং সড়ক যোগাযোগ। সোমবার সকালে সেবকের বাঘপুলের কাছে ধস নেমে এক যাত্রীবাহী গাড়ির উপর পড়ে। কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসা গাড়িটি ধসের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
গাড়িতে থাকা যাত্রী ও চালক কোনওমতে গাড়ি থেকে নেমে প্রাণে বাঁচেন। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেন সেবকফারি থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধসের কারণে শিলিগুড়ি থেকে সিকিমগামী লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
🌧️ প্রবল বৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলে ধসের আশঙ্কা আগেই ছিল। ইতিমধ্যে ধস সরানোর কাজ শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
🛑 বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা — বিশেষ করে পাহাড়মুখো যাত্রীদের জন্য।
👉 পরিস্থিতির উপর প্রশাসনের কড়া নজর রয়েছে।







