২০২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরাল হচ্ছে তারকা প্রার্থী নিয়ে আলোচনা। ২০২১-এ যেমন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ দেখা গিয়েছিল রাজনীতির ময়দানে, তেমনই আগামী নির্বাচনেও একই দৃশ্যপট তৈরি হতে পারে বলে জল্পনা চলছে। সেই তালিকায় উঠে এসেছে জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহার নাম।
টিআরপি শীর্ষে থাকা ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’-এ অভিনয় করছেন তৃণা। পাশাপাশি, নানা সরকারি ও শাসক দলের অনুষ্ঠানে তাঁর উপস্থিতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, সব মিলিয়ে গুঞ্জন আরও উস্কে দিয়েছে। এমনকি, ২০২১ সালেও তাঁর সম্ভাব্য প্রার্থী হওয়ার কথা শোনা গিয়েছিল, যদিও তা বাস্তবায়িত হয়নি।
তবে এই সমস্ত জল্পনার মাঝে নিজেই মুখ খুললেন তৃণা সাহা। এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানালেন, আপাতত রাজনীতিতে আসার কোনও পরিকল্পনাই তাঁর নেই। অভিনেত্রীর কথায়,”আমি একজন স্ট্যামারার, প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করি। রাজনীতির মতো বড়ো দায়িত্ব নেওয়া আমার পক্ষে এখন সম্ভব নয়। তাছাড়া, হাতে এত ধারাবাহিকের কাজ, ব্র্যান্ড এনডোর্সমেন্ট সব সামলে চলাই এখন প্রধান লক্ষ্য।”
২০২১ সালে স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে রাজনীতিতে নাম লেখালেও সরাসরি নির্বাচনে অংশ নেননি তৃণা। যদিও তাঁর না বলার পরেও থেমে নেই জল্পনা। টলিপাড়ার অনেকেই মনে করছেন, রাজনীতিতে তারকার আগমন এখন আর নতুন কিছু নয়। ফলে, ভোটের মুখে তৃণার নাম আবারও আলোচনায় উঠে আসাটাই স্বাভাবিক। তবে আপাতত তিনি যে অভিনয়েই মন দিতে চান, তা স্পষ্ট করে দিয়েছেন নিজেই।







