দেশ

ভিনদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ ভগবন্ত মানের, পালটা কড়া বার্তা বিদেশ মন্ত্রকের

নরেন্দ্র মোদির বিদেশ সফর ও কেন্দ্রের কূটনৈতিক নীতিকে ঘিরে তীব্র আক্রমণ শানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পাশাপাশি, দিলজিৎ দোসাঞ্জের সিনেমায় এক পাক শিল্পীর উপস্থিতি ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকারের অবস্থানকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। এক জনসভা থেকে মান সরাসরি বলেন, “এই কী ধরনের বিদেশনীতি? একজন নাগরিক কিংবা একজন মুখ্যমন্ত্রীর কি প্রশ্ন করার অধিকার নেই? আমাদেরকে কে সমর্থন করছে আর প্রধানমন্ত্রী কোন যুক্তিতে এত দেশে ঘুরে বেড়াচ্ছেন, সেটাও তো জানতে চাইতে পারি!”

তিনি আরও অভিযোগ করেন, “প্রধানমন্ত্রী এমন অনেক দেশে যাচ্ছেন যেগুলোর নাম সাধারণ মানুষ জানেন না। ছোট ছোট দেশ থেকে সম্মান নেওয়া হচ্ছে, অথচ দেশের প্রকৃত সমস্যার কোনও সমাধান হচ্ছে না। যেখানে রাস্তার পাশে JCB দিয়ে গর্ত খোঁড়া হয়, সেখানেও ততটাই লোক ভিড় করে তাহলে প্রধানমন্ত্রীর ওই সম্মান কতটা গুরুত্বপূর্ণ?”

শুধু বিদেশ সফরই নয়, সেই সফর ঘিরে কেন্দ্রের প্রচারকেও কটাক্ষ করতে ছাড়েননি ভগবন্ত মান। বলেন, “বিজ্ঞাপন দিয়ে বোঝানো হচ্ছে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছেন! যদি তাই হয়, তাহলে পাঞ্জাব-হরিয়ানার জলসংকট এখনও মেটেনি কেন?” ২০১৫ সালের মোদির আকস্মিক পাকিস্তান সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অনেক সময় প্রধানমন্ত্রী কোনও আমন্ত্রণ ছাড়াই বিদেশে চলে যান। যেমন পাকিস্তানে গিয়েছিলেন বিরিয়ানি খেতে! আমরা যদি পাকিস্তানে যেতে না পারি, তাহলে প্রধানমন্ত্রী কীভাবে পারেন?”

ভগবন্ত মানের এই বক্তব্যকে ঘিরে পালটা প্রতিক্রিয়া দিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। মুখ্যমন্ত্রীর নাম না করেই, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “গ্লোবাল সাউথের বন্ধু দেশগুলির সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নিয়ে এক উচ্চপদস্থ রাজ্য প্রতিনিধির কিছু মন্তব্য আমরা দেখেছি। সেই মন্তব্যগুলিকে আমরা দায়িত্বজ্ঞানহীন ও দুঃখজনক বলেই মনে করি। এমন মন্তব্য একজন রাজ্য নেতার পক্ষে একেবারেই শোভন নয়।” সব মিলিয়ে ভগবন্ত মানের এই বিস্ফোরক মন্তব্য নতুন করে রাজনৈতিক তরজা উসকে দিয়েছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিদেশনীতি ও কূটনৈতিক শালীনতা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.