কলকাতা: সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো ঘিরে এবার বড়সড় প্রশাসনিক টানাপোড়েন। সোমবার রাত ১২:৩০ নাগাদ মুচিপাড়া থানার পক্ষ থেকে পুজো কমিটিকে পরপর তিনটি নোটিশ পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই পুজোয় প্রতি বছর বিশাল জনসমাগম হয়, সেই কারণে একাধিক নিরাপত্তা ও নিয়ম সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে—
সন্তোষ মিত্র স্কোয়ারের সংলগ্ন পার্কে কোনও ইলেকট্রিক দোলনা বসানো যাবে না।
দর্শকদের যাতায়াতের রাস্তাগুলো এমনভাবে রাখতে হবে, যাতে পুলিশের গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারে।
পুজোর গেট ও হোডিং সংক্রান্ত নির্দিষ্ট মাপ ও সীমাবদ্ধতা জানিয়ে দেওয়া হয়েছে।
তবে এই নির্দেশনাগুলি মানতে নারাজ পুজো কমিটির প্রধান সজল ঘোষ। মঙ্গলবার সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান, “পুলিশ প্রশাসনের এই নির্দেশ যদি কলকাতার অন্যান্য বারোয়ারি পুজোগুলোর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য না হয়, তাহলে আমরাও তা মানতে বাধ্য নই। আইন সবার জন্য সমান, কিন্তু প্রয়োগে যেন পক্ষপাতিত্ব না হয়।”
উল্লেখযোগ্যভাবে, এবারের সন্তোষ মিত্র স্কোয়ারের থিম “অপারেশন সিঁদুর” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এবং খুঁটি পুজোর মাধ্যমে জনসমক্ষে এসেছে। সেই থিম নিয়েও পুলিশের আপত্তি থাকতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা।
সজল ঘোষ আরও বলেন, “গত কয়েক বছর ধরে আমাদের পুজোকে টার্গেট করে প্রশাসন বারবার অসম্মান করেছে। এটা উত্তর কলকাতার গর্বের পুজো। এবার যদি এই অন্যায় আবদার চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমরা প্রতীকী ‘ঘট পুজো’ করব। তবে প্রশাসনের সামনে মাথা নত করব না।”
এই অবস্থায় স্পষ্ট, এবারের দুর্গাপুজোর আগে সন্তোষ মিত্র স্কোয়ার বনাম পুলিশ প্রশাসন সংঘাত তুঙ্গে উঠেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন তাকিয়ে গোটা শহর।







