শান্তিপুর রেলস্টেশনকে ‘শান্তিপুর ধাম’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি ফের জোরালো করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে এক বিশেষ বৈঠকে তিনি এই দাবির পাশাপাশি তুলেছেন একাধিক গুরুত্বপূর্ণ রেল-সংক্রান্ত দাবিদাওয়া—যার মধ্যে রয়েছে শান্তিপুর-নবদ্বীপঘাট ট্রেন চলাচল সচল করা, রানাঘাট- বনগাঁ লাইনে ডবল লাইন, কল্যাণী-কেন্দ্রিক ট্রেন পরিষেবা উন্নয়ন এবং হকারদের পুনর্বাসন।
সাংসদ জগন্নাথ সরকারের দাবি, “শান্তিপুর শুধুই একটা শহর নয়, এটি কৃত্তিবাস ওদিতচন্দ্র, অদ্বৈত আচার্য, বিজয় কৃষ্ণ গোস্বামী এবং চৈতন্য মহাপ্রভুর স্মৃতিবাহী এক ঐতিহাসিক তীর্থক্ষেত্র। তাই এই স্টেশনকে ‘শান্তিপুর ধাম’ নামকরণ করলে বিশ্ব মানচিত্রে বাংলার এই সাংস্কৃতিক ঐতিহ্য আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা পাবে।”
তিনি আরও বলেন, “কল্যাণীতে AIIMS এবং অন্যান্য শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো থাকার ফলে বহু যাত্রী প্রতিদিন আসেন। তাই উত্তরমুখী সমস্ত ট্রেন যেন কল্যাণীতে দাঁড়ায়, এমন ব্যবস্থার দাবিও জানানো হয়েছে। পাশাপাশি স্টেশন চত্বরে থাকা হকারদের উচ্ছেদ না করে তাঁদের পুনর্বাসনের আবেদন জানানো হয়েছে, যাতে তাঁদের জীবিকা রক্ষা পায়।”
জগন্নাথ সরকারের তরফে সোশ্যাল মিডিয়ায় রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের ছবি শেয়ার করে এই সমস্ত দাবিগুলি জনসমক্ষে তোলা হয়েছে।
তবে বিজেপি সাংসদের এই দাবিকে কটাক্ষ করতে ছাড়েননি শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। তাঁর বক্তব্য, “১৯ বছর ধরে এই দাবি আমরাও বহুবার তুলেছি বিধানসভা ও প্রশাসনিক স্তরে। আজ সাংসদের বোধোদয় হয়েছে দেখে খুশি। তবে দেরিতে হলেও তিনি গুরুত্ব দিচ্ছেন—এই শুভ বোধের জন্য শুভনন্দন রইল।”
তবে রাজনীতি সরিয়ে রেখে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সমস্ত দাবি বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এখন দেখার, শান্তিপুর ‘ধাম’ হয়ে ওঠে কবে এবং হকারদের পুনর্বাসন সহ অন্যান্য দাবিগুলি কত দ্রুত বাস্তবায়িত হয়।
মূল দাবি সংক্ষেপে
শান্তিপুর স্টেশনকে “শান্তিপুর ধাম” ঘোষণা
শান্তিপুর-নবদ্বীপঘাট ট্রেন চলাচল সচল
রানাঘাট-বনগাঁ ডবল লাইন
কল্যাণী-কেন্দ্রিক ট্রেন সংখ্যা বৃদ্ধি
হকারদের পুনর্বাসনের দাবি







