খেলাধুলা

যশস্বীর ব্যাটে ধারাবাহিকতার ঘাটতি, সমস্যার মূল খুঁজে দিলেন গাওস্কর

প্রথম টেস্টে ঝলক দেখিয়েছিলেন, কিন্তু তার পর? ধারাবাহিকতা হারিয়ে খুঁজে বেড়াচ্ছেন নিজেকে। ওভালে মাত্র ২ রানে এলবিডব্লিউ হওয়ার পর যশস্বী জয়সওয়ালের ফর্ম নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। তরুণ ওপেনারকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিংবদন্তি সুনীল গাওস্কর। ব্যাটার হিসাবে প্রতিভা থাকলেও, সাম্প্রতিক ইনিংসগুলোয় কোথাও যেন ‘মিসিং লিঙ্ক’। আর সেটাই স্পষ্ট করেছেন গাওস্কর তাঁর পর্যবেক্ষণে।

গাওস্কর জানাচ্ছেন, যশস্বীর সমস্যা তাঁর ব্যাটিংয়ের মেকানিক্সে। বিশেষ করে সামনের পা এবং বাঁ কাঁধ ঠিক জায়গায় না থাকার কারণেই সমস্যায় পড়ছেন। বল শরীরের দিকে ঢুকে এলে, অনভিজ্ঞতা ও অনাস্থার কারণে ব্যাট সোজাসুজি নামাতে পারছেন না। মেঘলা কন্ডিশনে সুইং সামলাতে না পারার মূল কারণও এটাই বলে মত গাওস্করের।

এই সমস্যা শুধরে নেওয়ার জন্য গাওস্করের পরামর্শ, যশস্বীর উচিত কারও সঙ্গে আলোচনা করা—হয় কোচ, নয়তো কোনও প্রাক্তন ব্যাটারের সঙ্গে। বাঁ কাঁধ যদি সোজা না রেখে স্লিপের দিকে ঘুরিয়ে রাখেন, তাহলে ব্যাট সোজা নামবে না এবং বল বাদ দেওয়ার দক্ষতাও কমবে। কাঁধ ও পায়ের অবস্থান ঠিক করলে নিজের খেলা ফিরে পেতে সময় লাগবে না।

উল্লেখ্য, যশস্বী এই সিরিজে প্রথম ইনিংসে শতরান করলেও, এরপর ছ’টি ইনিংসে ব্যর্থ। এমন ধারাবাহিকতা না থাকলে আন্তর্জাতিক স্তরে জমে ওঠা মুশকিল—এটাই স্পষ্ট হয়ে উঠছে। এখন দেখার, গাওস্করের পরামর্শ মানেন কি যশস্বী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.