টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সেই সরকারি সিদ্ধান্ত মেনে চলবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আশ্চর্যের বিষয়, এই সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে আনুষ্ঠানিক ভাবে জানাবে না পিসিবি। সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে না খেলার বিষয়ে আইসিসি-কে কোনও ই-মেল বা লিখিত বার্তা পাঠানো হবে না। ম্যাচের দিন পাকিস্তান দল মাঠে হাজির থাকবে না—এই ভাবেই কার্যত সিদ্ধান্ত কার্যকর করতে চায় পাক বোর্ড।
এই পরিস্থিতিতে বল এখন পুরোপুরি আইসিসি-র কোর্টে। কারণ, পিসিবি সরকারি ভাবে কিছু না জানালে এখনই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ছে। আইসিসি সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত দিনে পাকিস্তান দল মাঠে না নামলে, তার পরেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।
পিসিবি-র ঘনিষ্ঠ সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইসিসি-কে কোনও আনুষ্ঠানিক ই-মেল পাঠানো হবে না। যদিও আইসিসি আগেই স্পষ্ট করেছে, তারা পিসিবি-র তরফে সরকারি বার্তার অপেক্ষায় রয়েছে। সেই বার্তা না এলে, ম্যাচের দিন পাকিস্তান অনুপস্থিত থাকলেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আইসিসি-কে।
উল্লেখ্য, রবিবার পাকিস্তান সরকার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্ট করে তাদের অবস্থান স্পষ্ট করে। সেখানে বলা হয়, পাকিস্তান দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামবে না।
এই সিদ্ধান্তের পরেই পাকিস্তানকে কার্যত কড়া বার্তা দেয় আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানায়, তারা সদস্য দেশগুলির জাতীয় নীতিনির্ধারণে সরকারের ভূমিকাকে সম্মান করে। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের স্বার্থের পরিপন্থী এবং কোটি কোটি ক্রিকেটপ্রেমীর আবেগের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়—যাঁদের মধ্যে পাকিস্তানের সমর্থকরাও রয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি আরও জানায়, পিসিবি-র এই অবস্থান তাদের দেশের ক্রিকেটের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে এবং তা বিশ্ব ক্রিকেটের সামগ্রিক বাস্তুতন্ত্রকেও প্রভাবিত করবে, যার একজন গুরুত্বপূর্ণ সদস্য ও সুবিধাভোগী পিসিবি নিজেই।
আইসিসি স্পষ্ট ভাষায় জানায়, ‘বাছাই করা ম্যাচ খেলার’ নীতি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার মৌলিক কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যোগ্যতা অর্জনকারী প্রত্যেক দলকেই নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রত্যাশা থাকে।
শেষে আইসিসি জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করাই তাদের প্রধান অগ্রাধিকার। সেই লক্ষ্য পূরণে পিসিবি-সহ সমস্ত সদস্য দেশেরই দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত। আইসিসি আশাবাদী, পিসিবি এমন কোনও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে, যা বিশ্বকাপের সঙ্গে যুক্ত সকল পক্ষের স্বার্থ রক্ষা করবে।







