বিদেশ

জঙ্গলের মধ্যে ‘স্বাধীন দেশ’ গড়লেন ব্রিটিশ তরুণ, নাগরিক সংখ্যা ছাড়াল চারশো

ইউরোপের বুকে জঙ্গলঘেরা এক বিতর্কিত অঞ্চল আর সেখানেই এক অভিনব ‘রাষ্ট্র’ গড়ে তুলেছেন ব্রিটেনের ২০ বছরের যুবক ড্যানিয়েল জ্যাকসন। নাম দিয়েছেন ‘ফ্রি রিপাবলিক অফ ভার্ডিস ‘। নিজের তৈরি সংবিধান, জাতীয় পতাকা, পাসপোর্ট, এমনকি নাগরিকত্ব ব্যবস্থাও চালু করেছেন তিনি। এই স্বঘোষিত রাষ্ট্রের অবস্থান ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যবর্তী সেই নির্জন জায়গায়, যেটি ‘পকেট থ্রি’ নামে পরিচিত। প্রায় ১২৫ একরের জমি, যার উপর কোনো দেশের আইনগত মালিকানা নেই এখানেই ২০১৯ সালের ৩০ মে স্বাধীনতা ঘোষণা করেন ড্যানিয়েল।

ড্যানিয়েল জানাচ্ছেন, ১৪ বছর বয়সে বন্ধুদের সঙ্গে রসিকতা করেই তার মাথায় এই ভাবনার জন্ম। কল্পনার দেশ একসময় বাস্তব রূপ নেয়। বর্তমানে ‘ভার্ডিস’-এর নাগরিক সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। পেশাগত দক্ষতা অনুযায়ী নাগরিকত্ব দেওয়া হয় বিশেষ করে ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা ও নিরাপত্তা পরিষেবায় দক্ষদের অগ্রাধিকার দেওয়া হয়। রাষ্ট্রের নিজস্ব পাসপোর্ট থাকলেও আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে সেটি ব্যবহারে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন ড্যানিয়েল। যদিও কিছু নাগরিক স্থানীয়ভাবে সীমান্ত পারাপারে এটি ব্যবহার করেছেন বলেও জানা যায়।

জঙ্গল ঘেরা এই দেশের প্রধান যাতায়াত মাধ্যম হলো নৌকা। সবচেয়ে নিকটবর্তী শহর ক্রোয়েশিয়ার ওসিজেক। রাষ্ট্রভাষা হিসেবে ইংরেজি, ক্রোয়েশিয়ান ও সার্বিয়ান ব্যবহার করা হয়। মুদ্রা হিসেবে ব্যবহার হচ্ছে ইউরো। তবে সবকিছু এত সহজে হয়নি। ২০২৩ সালের অক্টোবরে ক্রোয়েশিয়ার প্রশাসন ড্যানিয়েলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ না এনে, ভবিষ্যতে ওই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তাকে আখ্যা দেওয়া হয় “জাতীয় নিরাপত্তার ঝুঁকি” হিসেবে।

যদিও নির্বাসনে থেকেও থেমে যাননি এই তরুণ। ভার্চুয়াল মাধ্যমে চালিয়ে যাচ্ছেন নিজের ঘোষিত রাষ্ট্রের প্রশাসনিক কাজকর্ম। ড্যানিয়েলের দাবি, “আমার লক্ষ্য কখনই ক্ষমতা নয় আমি শুধু একটি শান্তিপূর্ণ এবং স্বাধীন দেশ গড়তে চাই।”
এই অভিনব উদ্যোগ নিয়ে বিশ্বজুড়ে জোর চর্চা চলছে। কেউ বলছেন এক সাহসী স্বপ্নদ্রষ্টার সাফল্য, কেউবা আবার এর বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন। তবে নিঃসন্দেহে, এই ঘটনাটি স্বাধীনতার ধারণাকে নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে বাধ্য করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.