বাংলা জুড়ে SIR আতঙ্কের আবহে মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টের সামনে ঘটে গেল উত্তেজনাপূর্ণ ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়ার দুই মহিলা, যাঁদের নাম সম্প্রতি একটি সমবায় সমিতির ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, আদালতের গেটের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা ঝাঁপিয়ে পড়ে তাঁদের বাঁচান।
প্রথমে দু’জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়, পরে তাঁদের হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। এই ঘটনার পর আদালত এলাকা ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিস সূত্রে জানা গেছে, আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ২০১৭ সালে গঠিত হয় এবং ২০২৫ সালে নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রকাশ করে। ওই দুই মহিলার অভিযোগ—তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে মামলা দায়ের করেন। আদালতের ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও সমবায় কর্তৃপক্ষ তা মানেনি বলে অভিযোগ।এছাড়াও তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে ওই সমবায় প্রতিষ্ঠান উচ্চ সুদের প্রতিশ্রুতি দিয়ে আমানত সংগ্রহ করলেও অর্থ ফেরত দিচ্ছে না। ক্ষোভে ও হতাশায় তাঁরা আদালতের সামনেই আত্মাহুতির পথে হাঁটার চেষ্টা করেন।
পুলিশের দ্রুত তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গেলেও, এই ঘটনার পর SIR আতঙ্ক নিয়ে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে রাজ্যে। বর্তমানে দুই মহিলাই শারীরিকভাবে সুস্থ আছেন, তবে মানসিক চাপে রয়েছেন বলে জানা গেছে।







