কলকাতারাজনীতি

বিজেপির নয়া কৌশল: ‘লক্ষ মহিলা র‌্যালি’ প্রস্তাব, মুখ্যমন্ত্রীর পতনের ডাক কি দেবে ‘মহিলা ব্রিগেড’?

কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ বিজেপির কৌশলে নতুন মোড়। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি মহিলাদের ময়দানে নামানোর ডাক দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। সোমবার জাতীয় গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে রাজ্য মহিলা মোর্চার আয়োজিত ‘নারী শক্তি সম্মেলন’-এ বনসল প্রস্তাব দেন— কলকাতার রাজপথে লক্ষাধিক মহিলাকে নিয়ে এক অভূতপূর্ব র‌্যালির আয়োজন হোক। তাঁর বক্তব্য, “এই সরকারের আমলেই মহিলাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে। তাই মহিলারাই পথে নেমে মুখ্যমন্ত্রীকে সরানোর ডাক দেবেন।”

সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, মাফুজা খাতুন, মীনাদেবী পুরোহিত-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা। বনসল এদিন স্পষ্ট করে দেন— পূজো ও উৎসব বাদ দিয়ে হাতে কার্যত মাত্র ছ’মাস সময় রয়েছে। সেই সময়সীমার মধ্যে মহিলা মোর্চাকে মাঠে নামিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি জনসংযোগ গড়ে তুলতে হবে।

বনসল বলেন, “আমি চাই ব্রিগেডের মতোই এক লক্ষ মহিলার জমায়েত হোক। তবে জনসভা নয়, র‌্যালি। শুভেন্দুদা এবং অন্যান্য নেতারা যদি একমত হন, তবে এই কর্মসূচি ঐতিহাসিক হয়ে উঠবে।”

বনসলের পরেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দেবশ্রী চৌধুরী সমর্থন জানান এই প্রস্তাবকে। এমনকি তিনি একে নাম দেন ‘মহিলা ব্রিগেড’। দেবশ্রীর কথায়, “যদি আমরা এক লক্ষ মহিলাকে নিয়ে মহিলা ব্রিগেড করতে পারি, তবে সেটা হবে ইতিহাস। আপনাদের প্রত্যেককে আজ থেকেই দায়িত্ব নিতে হবে, অন্তত ২০০ জন মহিলা আনার।”

শুভেন্দু অধিকারী যদিও সভায় সাংগঠনিক কৌশল নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে তাঁর সংক্ষিপ্ত মন্তব্যেই ইঙ্গিত মেলে যে, তিনি বনসল ও দেবশ্রীর বার্তাকে সমর্থন করছেন। শুভেন্দুর ভাষায়, “সুনীলজির সংক্ষিপ্ত কথাগুলো আমরা শুনেছি। দেবশ্রীদি লক্ষ্য বেঁধে দিয়েছেন। বাকিটা বুঝে নেওয়া গিয়েছে।”

রাজনীতির মহলে জল্পনা, বিজেপির আগামী শক্তিপ্রদর্শন কি তবে ‘মহিলা ব্রিগেড’-এর হাত ধরেই হতে চলেছে? এ রাজ্যে এতদিন সব রাজনৈতিক দলই ব্রিগেডে পুরুষ ও মহিলা মিশ্রিত জনসভা করেছে। কিন্তু কেবলমাত্র মহিলাদের নিয়ে লক্ষাধিক ভিড় টানতে পারলে তা নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা হবে।

বিজেপির মহিলা মোর্চার এক রাজ্য নেত্রী বলেন, “ব্রিগেডে হোক বা কলকাতার রাজপথে— লক্ষাধিক মহিলাকে নিয়ে এই কর্মসূচি হলে তা ইতিহাস হয়ে থাকবে।”

প্রশ্ন এখন একটাই— ২০২৬ নির্বাচনের আগে কি বাংলার রাজনীতিতে ‘মহিলা ব্রিগেড’-ই হবে বিজেপির সবচেয়ে বড় চমক?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.